আকাশীর আকাশে পারুল
সাইক্লিংয়ে নিজের প্রিয় ইভেন্ট ২০ কিলোমিটার ম্যাস স্টার্ট। জাতীয় প্রতিযোগিতায় এ পর্যন্ত ১২ বার অংশ নিয়ে সাতবারই চ্যাম্পিয়ন। কিন্তু নিজের ইভেন্টেই কাল হেরে গেলেন আকাশী সুলতানা! যাঁকে সব সময় প্রেরণা মানেন, সেই আকাশীকে হারিয়ে সোনা জিতলেন আনসার-সতীর্থ পারুল আক্তার।১৯৮৩ সাল থেকে টানা সাইক্লিং করছেন। বয়স ছুঁয়েছে ৪৭। তবু ক্লান্তিহীন প্যাডল ঘুরিয়ে যান আকাশী। এ পর্যন্ত সোনা জিতেছেন ৫১টি। সোনা জিতেই বাংলাদেশ গেমস শুরু করতে চেয়েছিলেন। কিন্তু রুপাতেই সন্তষ্ট থাকতে হলো আকাশীকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভরদুপুরে হেরে হতাশ আকাশী বলছিলেন, ‘আমার বাঁ পায়ে কদিন ধরে প্রচণ্ড ব্যথা। এই ব্যথা নিয়েই খেলছি। ঠিকমতো প্যাডল ঘোরাতে পারছি না।’কাল দিনটাই ছিল মাগুরার মেয়ে পারুলের। ২০ কিলোমিটার ম্যাস স্টার্টের সময় দুবার সাইকেল বদলাতে হয়েছে। দুবারই টায়ার পাঙ্কচার হয়ে গিয়েছিল। প্রায় ২০০ মিটার পেছনে পড়েও শেষ পর্যন্ত হারিয়েছেন আকাশীকে। এরপর ৪০০০ মিটার পয়েন্ট রেসেও সোনা জিতেছেন। আর ১০০০ মিটার টাইম ট্রায়ালে জিতেছেন ব্রোঞ্জ। এই ইভেন্টে রেকর্ড গড়ে সোনা জিতেছেন আনসারের সাহেরা খাতুন। ছেলেদের ৪০ কিলোমিটার ম্যাস স্টার্টে রেকর্ড গড়েছেন ঢাকার আজিজুর রহমান।আকাশীকে হারিয়ে উচ্ছ্বসিত পারুল, ‘এবার শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। আকাশী আপুকে হারিয়ে সোনা জিতেছি বলে বেশি খুশি লাগছে।’জিমন্যাস্টিকসে নায়ক আবুল কালাম: পড়াশোনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। আবুল কালাম আজাদের চোখে বড় জিমন্যাস্ট হওয়ার স্বপ্ন। স্বপ্নটা দেখিয়েছিলেন বাবা মোহাম্মদ ফজল হক। বিকেএসপির ক্যানটিনে খাবার সরবরাহের ঠিকাদার বাবা জিমন্যাস্টিকসের সঙ্গে পরিচিত হন সেখানেই। এরপর ছেলেকে ভর্তি করেন বিকেএসপির জিমন্যাস্টিকসে। সেই ১৯৯৮ সাল থেকে জিমন্যাস্টিকস করলেও এ পর্যন্ত কোনো জাতীয় প্রতিযোগিতায় সোনা জিততে পারেননি আবুল কালাম। বাংলাদেশ গেমস তাঁকে দিল দুহাত ভরে। কাল ৪টি সোনাসহ জিতেছেন ৬টি পদক।বিজেএমসির জিমন্যাস্ট জিতেছেন ভল্টিং টেবিল, প্যারালাল বার, অলঅ্যারাউন্ড চ্যাম্পিয়নস ও দলগত সোনা। রুপা এসেছে ফ্লোর ইভেন্ট ও পমেল হর্সে। প্রচণ্ড গরমে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে দরদরিয়ে ঘামছিলেন। কিন্তু দিন শেষে ৬টি পদক গলায় ঝুলিয়ে সব ক্লান্তি মুছে ফেলতে চাইলেন, ‘এত দিন চ্যাম্পিয়ন হতে পারেনি বলে আক্ষেপ ছিল। আজ সেই আক্ষেপ ঘুচল।’ মেয়েদের আন ইভেন বার ও ব্যালেন্স বিমে সোনা আনসারের অনিতা আক্তারের, ছেলেদের পমেল হর্সে সোনা বিকেএসপির মুশফিকুর রহমানের ও মেয়েদের ভল্টিং টেবিলে সোনা জিতেছেন বিকেএসপির নার্গিস আক্তার। ফ্লোর ইভেন্টে খেলতে গিয়ে ডান হাত ভেঙে ফেলেছেন দিনাজপুরের মেয়ে তনিমা বিশ্বাস। হ্যান্ডবল: পুরুষ হ্যান্ডবলে বিজিবির আধিপত্য খর্ব করতে পারল না কেউই। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল পুলিশকে ৩১-২৩ গোলে হারিয়ে জিতল বাংলাদেশ গেমসে নিজেদের টানা পঞ্চম সোনা।ভলিবল: ভলিবল স্টেডিয়ামে কাল ছিল উপচে পড়া দর্শক। আনসার ও ভিডিপির দর্শকেরা ভুভুজেলা ও ঢোল বাজিয়ে উৎসবমুখর করে রাখে স্টেডিয়াম। দিন শেষে খুশি মনেই ফিরেছে তারা। কাল মেয়েদের ভলিবলে বিজেএমসিকে হারিয়ে সোনা জিতেছে আনসার। আর তিতাস গ্যাসকে হারিয়ে পুরুষদের সোনা জিতেছে সেনাবাহিনী।