আকাশে কালো মেঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারোত্তোলনের বর্তমান যা অবস্থা, ভবিষ্যতে পদক দূরে থাক, আমরা ভালো পারফরম্যান্সই দেখাতে পারব না। এটা মনে হওয়ার কারণ, এত দিন হলো কমিটি এসেছে। কিন্তু তাদের কাছ থেকে সাড়া পাইনি। কমিটি এসে জাতীয় প্রতিযোগিতা করেছে। সেটা ছিল লোক দেখানো।

নির্বাচিত কমিটির সময় জাতীয় প্রতিযোগিতা করতে ৪ লাখ টাকা খরচ হতো। অ্যাডহক কমিটি এসে ২৬ লাখ টাকা খরচ করেছে। কিন্তু আগে প্রতি রেকর্ডের জন্য ৫ হাজার টাকা করে পেতাম আমরা, এবার তা দেওয়া হয়নি। এতে আমরা হতাশ।

তবে আগে সোনা জিতলে টাকা দেওয়া হতো না, এবার দেওয়া হয়েছে ২-৩ হাজার টাকা। কমিটি এত টাকা পেল, আজ পর্যন্ত খেলার একটা সরঞ্জাম দিতে পারেনি আমাদের। বলা হয়, আমার পারফরম্যান্স ভালো নয়। কিন্তু এটা ঠিক নয়। আমি এ সময়ে ব্যক্তিগত রেকর্ড ভেঙেছি। ফেডারেশন আমার দেখাশোনা করছে না। হ্যাঁ, আমাকে বৃত্তি দেওয়া হয়। কিন্তু এক মাসের টাকা দেওয়া হয় আরেক মাসে। এটার কোনো অর্থ হয় না। সব মিলিয়ে বলব, এসএ গেমসের সোনা জয়ের পর যেভাবে আমার এগিয়ে যাওয়া দরকার ছিল, সেভাবে এগোতে পারিনি। ভারোত্তোলনের আকাশে কালো মেঘ দেখছি।