আকিনফিভে গ্রিনের ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লি কিউন-হোর শটটা সহজেই লুফে নেওয়ার কথা৷ কিন্তু অদ্ভুতভাবে বলটা হাত ফসকে গেল ইগর আকিনফিভের৷ চেষ্টা করেও গোল ঠেকাতে পারলেন না রাশিয়া গোলরক্ষক l রয়টার্স
লি কিউন-হোর শটটা সহজেই লুফে নেওয়ার কথা৷ কিন্তু অদ্ভুতভাবে বলটা হাত ফসকে গেল ইগর আকিনফিভের৷ চেষ্টা করেও গোল ঠেকাতে পারলেন না রাশিয়া গোলরক্ষক l রয়টার্স

ফ্যাবিও ক্যাপেলো নিশ্চয় উত্তরটা খুঁজে বেড়াচ্ছেন। গোলরক্ষকদের এমন হাস্যকর সব ভুল কেন তাঁর দলেই শুধু হয়? চার বছর আগে ক্যাপেলো ছিলেন ইংল্যান্ডের দায়িত্বে। সেবার রবার্ট গ্রিনের বালখিল্য এক ভুলে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোল খেয়ে বসেছিল ইংল্যান্ড। পরশু ইগর আকিনফিভ যা করলেন, সেটা দেখে মনে হতেই পারে, রাস্টেনবার্গের সেই ভূতটা কি তিবে কুইয়াবাতে ফিরে এল? লি কিউন-হোর নিরীহগোছের শটটা না ফেরানোর কোনো কারণ ছিল না। বিশ্ব মানের দূরে থাক, নবিস গোলরক্ষকের জন্যও সেটা নিতান্তই মামুলি হওয়ার কথা। কিন্তু কোনো এক বিচিত্র উপায়ে আকিনফিভ বলটা ঢুকিয়ে দিলেন জালে। তাও ভালো, পিছিয়ে পড়েও ম্যাচটা শেষ পর্যন্ত হারেনি রাশিয়া, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১-১ ড্র করেছে।
১২ বছর পর আবার বিশ্বকাপে ফিরেছে রাশিয়া। স্নায়ুচাপ থাকাটাই স্বাভাবিক। তার পরও আকিনফিভের গোলটাকে যুক্তিসিদ্ধ করার উপায় নেই। ৬৮ মিনিটের ওই ভুতুড়ে গোলের পরও যে রাশিয়া ফিরে আসতে পেরেছে, সে জন্য আলেকসান্দর কারজাকভকে ক্যাপেলো আলাদা করে নিশ্চয় ধনব্যাদ দেবেন। বদলি নামা অভিজ্ঞ এই স্ট্রাইকারের ৭৪ মিনিটের গোলেই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে রাশিয়া।

অবিশ্বাস্য একটা গোল খাওয়ার পর দুই হাত দিয়ে মুখ ঢাকলেন আকিনফিভ l এএফপি
অবিশ্বাস্য একটা গোল খাওয়ার পর দুই হাত দিয়ে মুখ ঢাকলেন আকিনফিভ l এএফপি

কাকতালীয়ভাবে কাল ৬৮-তে পা দিয়েছেন ক্যাপেলো। জন্মদিনের লগ্নটা আরও বেশি উৎসবমুখর হতে পারত। তবে আকিনফিভের ওই মনোবল ভেঙে দেওয়া গোলের পর দল যেভাবে ঘুরে দাঁড়াল, সেটাই বেশি আপ্লুত করছে ইতালিয়ান কোচকে, ‘ম্যাচটা আমরা জিততে পারতাম। তবে গোল খাওয়ার পর দলের প্রতিক্রিয়ায় আমি মুগ্ধ। ওরা যেভাবে সাড়া দিয়েছে, সেটার জন্য আমি ওদের ধন্যবাদ দিয়েছি। জন্মদিনে এর চেয়ে ভালো উপহার আর কিছু হতে পারত না।’ আকিনফিভকেও অভয়বাণী শুনিয়েছেন, ‘একজন গোলরক্ষক যেকোনো সময় ভুল করতেই পারে। আমরা আকিনফিভের মতো দারুণ একজন গোলরক্ষকের ভুল মেনে নিতে রাজি আছি।’
বাজে ফর্ম নিয়েই ব্রাজিলে এসেছিল দক্ষিণ কোরিয়া, শেষ পাঁচ ম্যাচে হেরেছিল চারটিতে। ড্রটা তাদের কাছে মহার্ঘই। কোচ হং মিউং-বো সেটিকে দুহাত ভরেই নিচ্ছেন, ‘এ রকম আসরে প্রথম ম্যাচটা সব সময়েই খুব কঠিন। চাপও থাকে অনেক বেশি। আমার মনে হয়, খেলোয়াড়েরা তাদের সেরাটা আজ দিয়েছে। ট্যাকটিক্যালি ও শারীরিক ভাব প্রতি মুহূর্তেই বুদ্ধিমানের মতোই খেলেছে। তারা পরের মাচে আরও ভালো করবে।’ এএফপি, রয়টার্স৷