প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাবিয়া করিয়ো কাজ, করিয়া ভাবিয়ো না। ডাচ কোম্পানি ইন্টারবেস্ট কাজটা করার আগে একটু ভেবে নিলেই পারত। অনুমতি ছাড়া আরেকজনের ছবি ব্যবহার করার কী দরকার? এখন বোঝো ঠেলা, মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হবে। কদিন আগে ইন্টারবেস্ট সেরা লেখক নির্বাচনের জন্য একটা প্রতিযোগিতা আয়োজন করেছিল। সেখানে ডাগ-আউটে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুই ফন গালের একটা ছবি দিয়ে দেয়। কিন্তু কাজটা করার আগে ফন গালের অনুমতি নেওয়া হয়নি। পরে সেটি চোখে পড়ে যায় ডাচ কোচের। প্রচারণায় তাঁর ছবি ব্যবহার করার জন্য এখন মামলা ঠুকে দিয়েছেন। তাঁর দাবি, ১ লাখ পাউন্ড ক্ষতিপূরণ দিতে হবে। অবশ্য ফন গাল কথা দিয়েছেন, ক্ষতিপূরণ থেকে পাওয়া অর্থ দান করে দেবেন। মিরর।