আক্রমণ নিয়ে রোমাঞ্চিত সাবেলা

এক এক করে নামগুলোতে চোখ বোলাতে থাকুন৷ লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন, অ্যাঙ্গেল ডি মারিয়া... ৷ প্রতিপক্ষের শিরদাঁড়ায় ভয়ের স্রোতই বয়ে যাওয়ার কথা। আর্জেন্টিনা মাঠে কেমন করবে সেটা বলবে সময়। তবে কাগজে-কলমে তাদের আক্রমণ যে সেরা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই৷
মেসি, হিগুয়েইন গত বিশ্বকাপেও ছিলেন। সঙ্গে কার্লোস তেভেজকে নিয়ে আর্জেন্টিনার আক্রমণ সেবারও কম বৈচিত্র্যময় ছিল না । কিন্তু ফুটবলে যে আক্রমণই সব নয়, সেটা আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে বুঝিয়ে দিয়েছে জার্মানি। এবারও কি অমন কোনো দুঃস্বপ্ন ফিরে আসবে?
আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা আগেই অমন খারাপটা ভাবতে রাজি নন । ছাত্র যতই ভালো করুক, শিক্ষকের ভাবাবেগ তত প্রকাশ পায় না । সাবেলা এই প্রথাটা ভেঙে বলে দিলেন, ‘এই দলে কিছু অসাধারণ খেলোয়াড় আছে, বেশির ভাগই ফরোয়ার্ড। লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়া...তাদের নিয়ে সবাই দারুণ উচ্ছ্বসিত। আমি যে নিজেও তাই, সেটা অস্বীকার করব না। এই খেলোয়াড়েরা ফর্মে থাকলে কেমন খেলে সেটা দেখার জন্য দলের সব ভক্ত রোমাঞ্চিত হয়ে আছে।’

কিন্তু মেসি স্বরূপে ফিরতে পারবেন কি না তা নিয়ে খানিক সংশয় তো আছেই। এই মৌসুমে চোটের সঙ্গে যুঝতে হয়েছে অনেক । অনেক সময় নিজের ছায়া হয়ে ছিলেন বার্সেলোনায়। সাবেলা অবশ্য তুরুপের তাসকে নিয়ে আশাবাদী, ‘মেসিকে তো বেশ ভালোই দেখছি। সে হাসিখুশি আছে, সবার সঙ্গে এক হয়ে আমাদের যাতে সেরা বিশ্বকাপ কাটে সেই চেষ্টা করছে ।’
দক্ষিণ আমেরিকায় সর্বশেষ বিশ্বকাপটা আর্জেন্টিনার কাছে হয়ে আছে মধুর এক স্মৃতি। ১৯৭৮-এর সেই বিশ্বকাপে জিতেছিল আলবিসেলেস্তেরা। এবার বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে থেকেই জল্পনা-কল্পনা চলছে, ব্রাজিল-আর্জেন্টিনা মহাকাঙ্ক্ষিত ফাইনাল কি হবে? গ্রুপিং, ফিকশ্চার সবকিছুই ইঙ্গিত দিচ্ছে তেমনই এক মহাকাব্যিক দ্বৈরথের৷ গত দুই আসরে দুই দলই একই পথের পথিক হয়ে বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনালেই । সাবেলা অবশ্য ব্রাজিল সম্পর্কে বলতে গিয়ে গাইছেন বন্ধুত্বের জয়গান, ‘আমরা জানি ব্রাজিলের ফুটবলের মান কতটা উঁচু। তারাও আমাদের ফুটবল সম্পর্কে অনেক কিছুই জানে। এটা এমন প্রতিদ্বন্দ্বিতা, যা মাঠেই সীমাবদ্ধ থাকবে। আমরা আর্জেন্টাইনরা আশা করছি এটা এক রকমই থাকবে। কারণ আমরা ভাইয়ের মতো, লাতিন আমেরিকার ইঞ্জিন। আমরা একে অন্যের ওপর অনেকটাই নির্ভর করি।’
সাবেলা শিরোপার কথা সরাসরি বলেননি। কিন্তু মাইকেল ওয়েন শিরোপাটা দেখছেন আর্জেন্টিনার হাতে। সাবেক ইংলিশ স্ট্রাইকারের সঙ্গে আর্জেন্টিনার অন্য রকম একটা যোগসূত্র অবশ্য আছে। ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে ওয়েনের সেই অসাধারণ গোল তো ইতিহাসেই ঢুকে গেছে। ঘটনাবহুল সেই ম্যাচে আর্জেন্টিনাই হেসেছিল শেষ হাসি। ওয়েন এবার আর্জেন্টিনা-ভক্ত, ‘তাদের দলে বেশ কিছু ভালো খেলোয়াড় আছে, কিন্তু লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোর জন্যই ওরা বাকিদের চেয়ে এগিয়ে। এই দুজনকে গোল করতে না দেওয়া খুব কঠিন হবে। আর্জেন্টিনা তো বলতে গেলে ঘরেই খেলবে, আবহাওয়া ও উচ্চতার সঙ্গেও ওরা অভ্যস্ত। রক্ষণ নিয়ে একটু চিন্তা আছে, কিন্তু আমি বিশ্বাস করি বাকিদের চেয়ে ওদের মানটা ভালো।’ ওয়েবসাইট।