আক্রমণই পছন্দের দর্শন স্পেনের
দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ‘জার্মান মেশিন’। দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ডকে ৪-১ গোলে ধরাশায়ী করার পর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে লজ্জায় ডুবিয়ে তুলে এনেছে ৪-০ গোলের বিশাল জয়। গোল করার নেশায় যেন পেয়ে বসেছে পোডলস্কি, মুলার, ক্লোসাদের। কাউকেই যেন পরোয়া করছেন না তাঁরা। সেমিফাইনালে সেই বিধ্বংসী জার্মানির মুখোমুখি হবে সুন্দরের পূজারি স্পেন। সেমিতে জার্মান মেশিনদের বিপক্ষে স্পেনের লক্ষ্য ভালো খেলে, সুন্দর ফুটবল দিয়ে জয় নিশ্চিত করা। স্প্যানিশ কোচ ভিসেন্তে দেল বস্ক জার্মানির যান্ত্রিক ছকবাঁধা ফুটবল নিয়ে মোটেই ভীত নন বলে জানিয়েছেন।সেমিফাইনালের লড়াইয়ের আগে ভিসেন্তে দেল বস্ক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘জার্মানির বিপক্ষে আক্রমণই হবে স্পেনের সর্বোত্কৃষ্ট পন্থা। এ ব্যাপারে কোনো আপস নেই। আক্রমণাত্মক কৌশলেই আস্থা রাখতে হবে আমাদের। কারণ এই কৌশল অবলম্বন করেই সফল হয়েছি আমরা।’আজ থেকে দুই বছর আগে এই জার্মানদের বিপক্ষে জয় দিয়েই ইউরোর শিরোপা ঘরে তুলেছিল স্পেন। ইউরোর ফাইনালের পর এই প্রথম জার্মানির সঙ্গে খেলবে স্পেন। বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির সঙ্গে মাঠে নামার আগে নিশ্চয়ই ইউরোর স্মৃতি অনুপ্রাণিত করবে জাভি-ভিয়া-তোরেস-ইনিয়েস্তাদের, জার্মানিও নিশ্চয়ই প্রতিশোধের নেশায় বুঁদ হয়ে থাকবে—এসব প্রচলিত কথাতে অবশ্য তেমন একটা আস্থা নেই দেল বস্কের। দেল বস্ক ভীষণ বাস্তববাদী। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের সেমিফাইনাল সম্পূর্ণই নতুন একটি ম্যাচ। সেখানে দুই বছর আগের কাসুন্দি ঘেঁটে লাভ নেই। জার্মানরা এমন একটি দল, যাদের বিপক্ষে আগের জয়ের কথা ভেবে লাভ নেই। তারাও নিশ্চয়ই প্রতিশোধ ইত্যাদি নিয়ে ভাবে না। তাদের কাছে এসব সেন্টিমেন্টের কোনো অর্থ নেই।’সেমিফাইনাল নিয়ে আলাদা কোনো চিন্তা তাঁর নেই বলেও জানালেন দেল বস্ক। তিনি বলেন, ‘সেমিফাইনালে জার্মানিও জিততে চাইবে, আমরাও জিততে চাই যেকোনো মূল্যে। জেতাটাই এখন বড় কথা। ওটা নিয়েই ভাবতে চাই।’সেমি নিয়ে আলাদা কোনো চিন্তা যতই বলুন না কেন, একটি ব্যাপার দেল বস্ককে যথেষ্টই ভাবাচ্ছে। দলের সবচেয়ে সেরা স্ট্রাইকারটি যে এখনো গোল পাননি। যার গোলে জার্মানিকে হারিয়ে ২০০৮ সালে ইউরো জিতেছিল স্পেন, সেই ফার্নান্দো তোরেসের গোলের খাতা যে এখনো শূন্য। ডেভিড ভিয়া গোল করে যাচ্ছেন নিয়মিত। পাঁচ ম্যাচে পাঁচটি গোল করে ভিয়া এখন স্পেনের মূল ভরসার প্রতীক। দেল বস্ক ভাবছেন ভিয়ার সঙ্গে তোরেস যদি গোল পেতেন, তাহলে কত ভালোই না হতো। দলের অফফর্মের এই স্ট্রাইকারটিকে নিয়ে কপালে চিন্তার ছাপ থাকলেও তোরেসকে কিন্তু আস্থাতেই রাখছেন স্পেন ‘বস’। তোরেস সম্পর্কে তাঁর অভিমত, ‘প্রত্যেক স্ট্রাইকারেরই কিছু মন্দ সময় আসে। ধরে নিন তোরেসেরও তেমনই একসময় যাচ্ছে। আমার মনে হয়, তোরেসের ফর্ম ফিরে পাওয়া নির্ভর করছে কেবল একটি গোলের ওপর। একটি গোল পেয়ে যাক, দেখবেন কী রকম বিধ্বংসী হয়ে ওঠে সে।’তোরেস-ভিয়া একসঙ্গে জ্বলে উঠুন—এমন প্রার্থনাই তো স্পেন ভক্তদের। দেল বস্কও নিশ্চয়ই এর বাইরে নন।