আক্রমণভাগ নিয়ে সন্তুষ্ট ফার্গুসন
ওয়েইন রুনি, ড্যানি ওয়েলব্যাক ও জাভিয়ের হার্নান্দেজের মতো তারকা স্ট্রাইকার আগে থেকেই ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। আর এবারের মৌসুমে রেড ডেভিলরা দলে ভিড়িয়েছে গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা রবিন ভন পার্সিকে। তাই দলের আক্রমণভাগ নিয়ে যে ফার্গুসন সন্তুষ্টি প্রকাশ করবেন, সেটাই স্বাভাবিক। এবারের মৌসুমে যেন এই তারকা স্ট্রাইকাররা আরও বেশি গোলের দেখা পান, সেই আশাই করছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে আরসেনালের জার্সি গায়ে ৩৭টি গোল করেছিলেন ডাচ স্ট্রাইকার রবিন ভন পার্সি। ২৭ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন ওয়েইন রুনি। এবার এই দুই তারকা স্ট্রাইকারই খেলবেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে। নতুন মৌসুমেও যেন তাঁরা গোলের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেন, সেই আশাই করছেন ফার্গুসন। তিনি বলেছেন, ‘ভন পার্সি অসাধারণ একজন খেলোয়াড়। তাঁর অন্তর্ভুক্তি দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করেছে। আশা করছি, সে তার গত বছরের পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবে। ওয়েইন রুনিও গত মৌসুমে ৩০টির বেশি গোল করেছে। আর গত দু-তিন বছর ধরেই সে তার এই গোল করার দক্ষতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমাদের সব স্ট্রাইকারের কাছ থেকেই ভালো পারফরম্যান্স পেতে হবে।’ গত সপ্তাহেই ২৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ভন পার্সিকে দলে ভিড়িয়েছে রেড ডেভিলরা। ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে প্রথম ম্যাচে পুরো সময় খেলেননি এই ডাচ স্ট্রাইকার। নেমেছিলেন বদলি হিসেবে। তবে আজ ফুলহ্যামের বিপক্ষে ভন পার্সি মূল একাদশেই থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন কোচ অ্যালেক্স ফার্গুসন।—ইএসপিএন