আক্রমণাত্মক হতে চান মেসি

প্রথম ম্যাচে বসনিয়ার বিপক্ষে জয়টা স্বস্তির হলেও তৃপ্তির নয় মোটেও। প্রথম ম্যাচে আর্জেন্টাইন ভক্তদের মন একেবারেই ভরেনি। মন ভরেনি লিওনেল মেসিরও। তাই তো ইরানের বিপক্ষে কালকের ম্যাচের আগে আর্জেন্টাইন অধিনায়ক তাগিদ দিলেন আক্রমণাত্মক ফুটবলের। সেই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিলেন, খেলার ধরন বদলে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তে হবে আর্জেন্টিনাকে।
বসনিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে আত্মঘাতী গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধে আর্জেন্টিনা ছিল ছন্নছাড়া। অনেকেই এর কারণ হিসেবে দেখছেন কোচ আলেসান্দ্রো সাবেলার রণকৌশলকে। পাঁচ ডিফেন্ডার খেলিয়ে আর যা-ই হোক আক্রমণাত্মক ফুটবল খেলা যায় না। দলকে খেলিয়েছিলেনও ৫-৩-২-এর মতো অনভ্যস্ত ফরম্যাটে। দ্বিতীয়ার্ধে অবশ্য পুরোনো ৪-৩-৩-এ ফিরে কিছুটা ছন্দ ফেরানো গিয়েছিল দলে খেলায়। দল হয়ে উঠেছিল আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক।
ইরানের বিপক্ষে এই আক্রমণের ধারা আরও অনেক বেশি বাড়াতে চান মেসি। খেলতেও চান ৪-৩-৩ ফরম্যাটে, ‘আক্রমণভাগে হিগুয়েইন ও আগুয়েরো দুজনকে নিয়ে খেলতেই স্বস্তি বোধ করি আমি। দুজন সামনে আর আমি পেছনে থাকাটা আমাদের জন্য স্বস্তির। এতে পাল্টা-আক্রমণ করতে সুবিধা হয়। আক্রমণভাগে বেশি খেলোয়াড় থাকলে গোল করার সম্ভাবনাও বেড়ে যায়।’
বসনিয়ার বিপক্ষে নিজের মতো খেলতে পারেননি বলে কিছুটা বিরক্তও ছিলেন মেসি, ‘প্রথমার্ধে বল ধরে রাখাটাই আমার জন্য কঠিন ছিল। যখন সেটা পারছিলাম, তখন আমি গোল থেকে অনেক দূরে। সত্যি বলতে কি, পেছনে খেলার কারণে বারবার বল হারিয়ে ফেলছিলাম। পরিকল্পনামতো খেলতে পারছিলাম না বলে বেশ বিরক্তও ছিলাম।’
মেসির এই বিরক্তির কথা নিশ্চয়ই এরই মধ্যে জেনে গেছেন কোচ সাবেলাও। তিনি নিশ্চয়ই চাইবেন না, দলের প্রাণভোমরাকে আবারও বিরক্তিকর অবস্থায় ফেলতে। সেটা হতে পারে আরও আক্রমণাত্মক খেলা খেলে, মেসিকে তাঁর মতো করে খেলতে দিয়ে। এএফপি।