আক্রমণেই সমাধান
ম্যারাডোনা কেন খেলোয়াড়দের জড়িয়ে ধরে চুমু খান—বিশ্বকাপে এটাও তাহলে একটা ‘ইস্যু’ হয়ে দাঁড়াল! ম্যারাডোনা নিজে এই প্রশ্নের জবাব দিয়েছেন একটু অন্যরকম ভঙ্গিতে। শেষে বলে দিয়েছিলেন, খেলোয়াড়দের উজ্জীবিত রাখতেই এটা করেন তিনি। এবার কোচের কণ্ঠে কণ্ঠ মেলালেন অধিনায়ক হাভিয়ের মাচেরানো।মাচেরানোরও দাবি, ‘আমার ধারণা, এটাই ম্যারাডোনার স্বাভাবিক ব্যবহার। উনি কিন্তু টিভি ক্যামেরার পেছনেও আমাদের জড়িয়ে ধরেন। এই জড়িয়ে ধরাটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। কারণ, ম্যাচ তো জিতছি আমরা।’হ্যাঁ, ম্যাচ মাচেরানোর দল জিতছে। খেলা দিয়েও অভিভূত করছে। কিন্তু টুকটাক কিছু সমালোচনাও যে হচ্ছে! সমালোচনাটা হচ্ছে আর্জেন্টিনার নাজুক ডিফেন্স নিয়ে। মাচেরানো এই সমালোচনায় কান দিতে নিষেধ করছেন, ‘লোকে কী বলে বা ভাবে সেটা ভুলে যান। আর্জেন্টিনা আক্রমণে বেশি খেলোয়াড় ব্যবহার করছে। মাঝমাঠ থেকেও অনেকে আক্রমণে উঠছে। আমাদের ভয়ানক আক্রমণভাগ তো আছেই। এত খেলোয়াড় দিয়ে আমরা আক্রমণ করতে থাকলে, সেটাই ভালো ফল এনে দেবে। কারণ, আমরা যদি মিডফিল্ড থেকে চার-পাঁচজন মিলে আক্রমণে যাই, বিপক্ষকে বাধ্য হয়েই ডিফেন্সে বেশি খেলোয়াড় নিতে হবে। ফলে এমনিতেই ওরা আক্রমণে দুর্বল হয়ে যাবে।’ভালো যুক্তি। কিন্তু এসব যুক্তি দিয়ে তো মার্টিন দেমিচেলিসের ভুলের ব্যাখ্যা করা যাবে না। দেমিচেলিস নিজেও জানেন, ব্যাখ্যাতীত ভুলের কারণেই গোলটা হজম করতে হয়েছে তাঁকে। তার পরও এই ডিফেন্ডার আনন্দে আছেন। আনন্দে আছেন কোচ-সতীর্থদের তাঁর প্রতি সমর্থন দেখে। বিশেষত দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ওই ভুল করার পরও ম্যারাডোনার আচরণে মুগ্ধ তিনি, ‘ম্যারাডোনা আসলে অন্য মাত্রার একজন মানুষ। বিরতির সময় আমার সঙ্গে অনেক কথা বলেছেন। আমাকে বলেছেন, তিনি ও দলের সবাই আমার পাশে আছেন। বলেছেন, এই ভুলের জন্য নার্ভাস হয়ে বলে লম্বা লম্বা লাথি না মেরে নিজের খেলাটা খেলে যেতে।’শেষ পর্যন্ত সেটা করতে পেরেছেন দেমিচেলিস। আর্জেন্টিনার আর গোল না খাওয়াটাই তার প্রমাণ। দেমিচেলিসের জন্য সুখবর, আগামী ম্যাচেই হয়তো ফিরে আসছেন সেন্ট্রাল ডিফেন্ডার ওয়াল্টার স্যামুয়েল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ঊরুর পেশিতে টান পেয়ে মাঠ ছেড়ে যাওয়া স্যামুয়েল বলছেন, ‘সৌভাগ্যবশত পেশির টানটা খুব বেশি না। ফলে আশা করছি, দ্রুত ফিরে আসব; সম্ভবত পরের ম্যাচেই। দলে দারুণ প্রতিযোগিতা চলছে, কেউ জায়গা হারাতে চায় না।’আগামী ম্যাচে আর্জেন্টিনার কয়েকজনকে হয়তো বসেই থাকতে হচ্ছে। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখা হুয়ান গুতিয়েরেজের বদলে মাঠে নামবেন আরিয়েল গ্রেস। একটা করে হলুদ কার্ড দেখা গ্যাব্রিয়েল হেইঞ্জ ও অধিনায়ক মাচেরানোকেও হয়তো এই ম্যাচে খেলানোর ঝুঁকি নেবেন না ম্যারাডোনা। তাঁদের বদলে ক্লেমেন্তে রদ্রিগেজ ও মারিও বোলাত্তি মাঠে নামতে পারেন।মাঠে আবার দেখা যেতে পারে ভেরনকেও। প্রথম ম্যাচেই কাফ-মাসলের ইনজুরিতে পড়া ভেরন সেরে উঠেছেন বলেই জানানো হয়েছে দলের পক্ষ থেকে। রয়টার্স।