আক্রমণের মন্ত্রে জার্গেনসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু শারজায় পাকিস্তানকে যখন অভাবনীয় এক জয় এনে দিচ্ছেন আজহার-মিসবাহরা, হাজার মাইল দূরে শেন জার্গেনসেনের চোখ তখন আটকে ছিল টিভি পর্দায়। আসন্ন শত্রুদের খেলা দেখতে টিভির সামনে বসে ছিলেন বাংলাদেশ কোচ। পেয়ে গেলেন দারুণ এক টনিকও। এমনিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড খুব বাজে। কিন্তু শেষ দিনে ৫৭ ওভারে ৩০২ রান করে যদি জিততে পারে পাকিস্তান, সেই শ্রীলঙ্কার বিপক্ষে এবার তো দারুণ কিছু করে ফেলতে পারে বাংলাদেশও!

পরশু পাকিস্তানের আক্রমণাত্মক ক্রিকেট মনে ধরেছে জার্গেনসেনের। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের মন্ত্র করছেন আক্রমণকেই। তবে সেটা শুধু পাকিস্তানকে দেখে নয়, প্রেরণা খুঁজে নিচ্ছেন নিজেদের থেকেও। গত কিছুদিনে ওয়ানডেতে বাংলাদেশের সাফল্যের মূল কারণ জার্গেনসেনের মতে আক্রমণাত্মক ক্রিকেট খেলা। আসছে টেস্ট সিরিজে বাংলাদেশকে দেখতে চান রঙিন পোশাকের বাংলাদেশের চেহারায়, ‘আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। চেপে বসতে হবে প্রতিপক্ষের ওপর। ওয়ানডেতে আমরা এমন ক্রিকেটই খেলি, এখন টেস্টেও পুনরাবৃত্তি করতে হবে। মানসিকতা থাকতে হবে ইতিবাচক, চাপে ফেলতে হবে ওদের।’

তার মানে, জয়ের কথাই ভাবছেন জার্গেনসেন? চোখ নাচিয়ে মৃদু হাসলেন বাংলাদেশ কোচ, ‘অবশ্যই জয়ের মানসিকতা নিয়ে নামব। তবে প্রথম দিন থেকেই জয় নিয়ে ভাবলে চলবে না। প্রথম চার দিন আমরা চেষ্টা করব ভালো খেলতে, এরপর শেষ দিনে গিয়ে দেখা যাবে কী হয়।’

এই মিশনে সেনানী যাঁদের পাচ্ছেন, তাঁদের নিয়ে দারুণ সন্তুষ্ট জার্গেনসেন। গত পরশুই ঘোষণা করা হয়েছে প্রথম টেস্টের বাংলাদেশ দল। খুব বেশি পরিবর্তনের সুযোগ এমনিতেই ছিল না। যে দুজন দলে ঢুকেছেন, সেই শামসুর রহমান ও ইমরুল কায়েসকে নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ কোচ, ‘টি-টোয়েন্টি দিয়ে দলে এসে ওয়ানডে হয়ে টেস্টে শুভর (শামসুর) যে উত্তরণ, খুব ভালো লেগেছে আমার। ইমরুলও গত কিছুদিন ধরে দুর্দান্ত ব্যাটিং করছে।’

টেস্টের পারফরম্যান্স এখনো ওয়ানডের মতো ধারাবাহিক নয়, তবে টেস্ট দলও মোটামুটি থিতু। খুব বেশি প্রশ্ন তোলার অবকাশ তাই নেই। দল ঘোষণার সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যেটি, সেই মাহমুদউল্লাহ প্রসঙ্গ উঠল জার্গেনসেনের সঙ্গে কথপোকথনেও। নাঈমকে উপেক্ষা করে মাহমুদউল্লাহকে পছন্দে নির্বাচকদের যুক্তি কোচের কণ্ঠেও, ‘নাঈম খুব ভালো ব্যাটসম্যান, রানও করছে। কিন্তু আমাদের তো একজনকেই বেছে নিতে হতো। রিয়াদ (মাহমুদউল্লাহ) ব্যাটিং-বোলিং দুটোতেই ভালো। বিশেষ করে বল হাতে দুর্দান্ত ফর্মে আছে। নাঈমের প্রতি আমি সহানুভূতিশীল। দল যদি ১৪ জনের না হয়ে ১৫ জন হতো, কিংবা এখনো যদি কেউ চোট পায়, নাঈমই হবে প্রথম পছন্দ।’

কোচের কথাগুলো নাঈমের সান্ত্বনা হবে কি না, কে জানে। তবে একেকটি জায়গা নিয়ে এই প্রতিদ্বন্দ্বিতাই বলে দিচ্ছে, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।