আক্রমণের ‘স্মৃতি’ ভুলে গেছেন রাইডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের এক পানশালার বাইরে নৃশংস হামলার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন জেসি রাইডার। টানা দুদিন কোমায় থাকার পর জ্ঞান ফিরেছে এই কিউই ব্যাটসম্যানের। জ্ঞান ফেরার পর রাইডার পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে টুকটাক কথাবার্তাও বলেছেন। রাইডারের ম্যানেজার অ্যারন ক্লে আজ শনিবার জানান, আক্রমণের শিকার হওয়ার মুহূর্তটা একদমই ভুলে গেছেন রাইডার। তবে ওই দিন সকালে কেন্টাবুরিতে মৌসুম সমাপনী ম্যাচে শূন্য রানে আউট হওয়ার স্মৃতিটা স্মরণ করতে পেরেছেন তিনি।গত বৃহস্পতিবার কেন্টাবুরিতে মৌসুম সমাপনী একটি ওয়ানডে ম্যাচে অংশ নেন রাইডার। ওই ম্যাচে হারের পর ওয়েলিংটন দলের কয়েকজন সতীর্থকে নিয়ে ক্রাইস্টচার্চের একটি পানশালায় যান। পানশালার বাইরে নৃশংস আক্রমণের শিকার হন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। হামলায় তাঁর মাথার খুলি ফেটে যায় ও ফুসফুসে গুরুতর জখম হয়। তবে রাইডার এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।অ্যারন ক্লে বলেন, ‘আগের তুলনায় জেসির অবস্থার খানিকটা উন্নতি হয়েছে। তিনি জ্ঞান ফিরে পেয়েছেন এবং আমাদের সঙ্গে কথা বলেছেন। জেসির সুস্থ হওয়ার প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে। শারীরিক সামর্থ্য পুরোপুরি ফিরে পেতে আরও অনেক সময় লাগবে। কিন্তু অগ্রগতিটা ইতিবাচক।’মদ্যপান ও পানশালাসংক্রান্ত বেশ কয়েকটি ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্বেচ্ছা-অবসর নেন রাইডার। ঘরোয়া ক্রিকেট অবশ্য খেলে যাচ্ছিলেন। কয়েক দিন পর আইপিএলে খেলতে যাওয়ার কথা ছিল জেসি রাইডারের। সেখানে খেলে আড়াই লাখ ডলারের বেশি অর্থ পেতেন এই কিউই ব্যাটসম্যান। রাইডারের ওপর এই হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে নিউজিল্যান্ড পুলিশ। আপাতত, পুলিশ এ ব্যাপারে আর কোনো অভিযান পরিচালনা করবে না বলে জানা গেছে। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, সেদিন রাইডারের ওপর হামলায় পানশালার বাইরে চারজনের বেশি লোক উপস্থিত ছিল। গ্রেপ্তার হওয়া দুজনকে আগামী ৪ এপ্রিল আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। রয়টার্স।