আক্রান্ত সাংবাদিক
রিও অলিম্পিক সাংবাদিকদের জন্য যেন বড় এক আতঙ্কের নামই হয়ে উঠছে। মাত্র চার দিনও হয়নি গেমসের মিডিয়া সেন্টারে গুলি ছোড়া হয়েছে, এবার সাংবাদিকদের বহনকারী বাসেও হলো সন্ত্রাসী হামলা। ভাগ্য ভালো, শুধু দুই সাংবাদিকের হাতে অল্প একটু আঘাত লেগেছে। ঘটনা ঘটেছে রিওর সবচেয়ে ভয়ংকর অঞ্চল সিটি অব গড ফাভেলায়। দেওদোরো অলিম্পিক জোন থেকে গেমসের প্রধান প্রেস সেন্টারে ফিরছিল বাসটি। সিটি অব গডের পাশ দিয়ে যাওয়ার সময়ই বাসে হঠাৎ গুলি ছোড়ে সন্ত্রাসীরা। দুটি গুলিতে বাসের দুটি জানালার কাচও ভেঙে যায়। সতর্ক সাংবাদিকেরা সিট থেকে নেমে বাসের মেঝেতে শুয়ে পড়েন। তবে ধারণা করা হচ্ছে, কাচের আঘাতে দুজন সাংবাদিক কিছুটা আহত হয়েছেন। বাসের চালক এ সময় আরও জোরে চালিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন, পরে পুলিশের গাড়ি দেখতে পেয়ে সেখানে বাসটি থামান। ঘটনার পর থেকে পুলিশি টহল আরও বাড়ানো হয়েছে। এএফপি।