আক্ষেপ আছে, আনন্দও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে একে দেউটি নেভার এই বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনাও বিদায় নিয়েছেন এক সময়। কিন্তু টুর্নামেন্ট আলো করে ছিলেন আরেক ডিয়েগো—ডিয়েগো ফোরলান। পরশু বিদায় নিয়েছেন তিনিও। কিন্তু শেষ মুহূর্তে ক্রসবারে শট লাগিয়ে যেন পুরো টুর্নামেন্টে নিজের ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার স্মৃতি উসকে দিয়ে রাখলেন।ফোরলানের গোলটি হলে ম্যাচে ৩-৩ সমতা হতো। স্থান নির্ধারণী প্রীতি ম্যাচটাতেও জমে যেত নাটক। গোলটি হলে ফোরলানের গোলও হয়ে যেত ছয়টি। সেটি হয়নি। তবে ফাইনালের আগপর্যন্ত ভিয়া-স্নাইডারের সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে পাল্লা দিয়েছেন। গোল্ডেন বলের লড়াইয়েও পরশু জোরেশোরে উচ্চারিত হলো অ্যাটলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকারের নাম।বাবার পথ অনুসরণ করে বিশ্বকাপে খেলা ছেলেটি অবশ্য ব্যক্তিগত প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে চিন্তিত নন। তাঁর খারাপ লাগছে, এত কাছে নিয়ে এসেও দলকে ফাইনালে তুলতে না পারার কারণে, ‘আমরা ফাইনালেই যেতে চেয়েছিলাম। পারিনি। কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করেছি। এখন সময় বিশ্রামের।’ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালির মতো দলগুলো যেখানে আগেই দর্শক হয়ে গেছে, উরুগুয়ের জন্য চতুর্থ হওয়াও বড় সাফল্য বৈকি। আগের নয়টি বিশ্বকাপের পাঁচটিতেই কোয়ালিফাই করতে পারেনি বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়নরা। দুবার বাদ পড়েছে গ্রুপ পর্বে, দুবার দ্বিতীয় রাউন্ডে। সবচেয়ে বড় কথা, উরুগুয়ে আবারও বিশ্ব ফুটবলে সমীহ আদায় করে নিয়েছে সবার। ফোরলানের এতেই তৃপ্তি, ‘বিশ্বের সেরা চারটি দলের একটি হওয়াও তো দুর্দান্ত। সত্যি বলছি, টুর্নামেন্টের শুরুতে নিজেরাও ভাবতে পারিনি, আমরা চতুর্থ হব। আজকের (গত পরশু) ম্যাচে অবশ্য আমরা তৃতীয় হওয়ার জন্যই খেলেছি। কিন্তু যা হয়েছে, সেখান থেকেই ইতিবাচক অনেক কিছু খুঁজে নিতে পারছি।’দুবার বিশ্বকাপ আর দুবার অলিম্পিক ফুটবলে সোনা জেতা দেশটি স্বপ্ন দেখছে আবারও সেই হারানো সুদিন ফেরানোর। সেই স্বপ্নপথের সারথি ফোরলানই। কোচকে সবার পিঠেই হাত বোলাতে হয়। কিন্তু অস্কার তাবারেজ খোলাখুলিই বলে দিলেন, ‘ফোরলান আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অনেক কিছুই সে অর্জন করেছে। আমাদের নেতৃত্ব তো আসলে ও-ই দিল। ওকে ছাড়া আমরা কিছুই করতে পারতাম না।’কোচ খুব একটা মিথ্যা বলেননি। তাঁর ৫ গোলের অন্তত চারটি এবার টুর্নামেন্টে সেরা গোলের তালিকায় থাকবে। পরশুও গোলটি করেছেন দুর্দান্ত ভলি থেকে। ফোরলান ফ্রি-কিক নিলেই কিছু একটা যেন হয়। জেগে ওঠে উরুগুয়ের আশা। ফ্রি-কিক থেকে একটা গোল করেছেন, দূরপাল্লার শটে গোল করেছেন দুটো।নামীদামি তারকাদের হটিয়ে ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন দুবার। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে এবার ইউরোপা লিগও জিতলেন। পরিসংখ্যানই কথা বলবে ফোরলানের হয়ে। কিন্তু দলের এই প্রাণভোমরাকে পাওয়া যাবে তো আগামী বিশ্বকাপে। তত দিনে তাঁর বয়স হয়ে যাবে ৩৫। তাবারেজের বিশ্বাস, পাওয়া যাবে অবশ্যই। উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে মাত্র দুটো গোল দূরে থাকা ফোরলানকে নিয়ে তাবারেজের উক্তি, ‘আর সব খেলোয়াড়ের মতো নয়’। ওয়েবসাইট।