আক্ষেপ নিয়েই শেষবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলি ফ্যামিলি হাসপাতালের মর্গে মৃতদেহ রাখা। সন্ধ্যা নামার একটু পর ইস্কাটনের এজি চার্চে নেওয়ার প্রস্তুতি। রাতে কাপ্তাই নেওয়া হবে। সময় বেশি নেই। কিন্তু এরই ফাঁকে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিন ছেলের মেজোজন চিহ্লা মং ববি মারী। শোক জানাতে আসা শুভানুধ্যায়ীদের কাছে তুলে ধরছেন, বাবার জীবনের নানা কথা।ববির মা ইন্দুলেখা মারী শোকস্তব্ধ। স্বজনেরা সান্ত্বনা দিচ্ছেন। কিন্তু চিহ্লা মং চৌধুরীকে হারানোর কোনো সান্ত্বনা নেই তাঁর স্ত্রী-সন্তানদের কাছে।রোগশয্যায় শেষজীবনটা কেটেছে আর্থিক সংকটে। দিশেহারা হয়ে পড়েছিল গোটা পরিবার। শেষজীবনে দুটি ইচ্ছা ছিল চিহ্লা মং চৌধুরী মারীর। একটি পূরণ হচ্ছে। আগামীকাল বেলা ১১টায় এই শিল্পী ফুটবলার সমাহিত হবেন কাপ্তাইয়ের বাড়িতে, যেখানে পারিবারিক কবরস্থানে মুক্তিযোদ্ধা হিসেবে পাবেন গার্ড অব অনারও।কিন্তু দ্বিতীয় ইচ্ছাটি তাঁর অপূর্ণই থেকে গেল। স্বাধীনতা পুরস্কার পাওয়ার যোগ্য মনে করতেন নিজেকে। কতজনই তো পেয়েছেন। কিন্তু মারী পাননি। সেই আক্ষেপ তাঁকে পোড়াত। সে কথা বলতে গিয়ে চোখ ভিজে আসে ববির, ‘স্বাধীনতা পুরস্কার পাওয়ার খুব আকাঙ্ক্ষা ছিল বাবার। না পাওয়ায় ভীষণ হতাশ ছিলেন।’ববির আক্ষেপ যেন শেষই হয় না, ‘কাল (পরশু) পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এসেছিলেন বাবাকে দেখতে। তিনি এসে ক্রীড়া প্রতিমন্ত্রীকে ফোন করলেন আসার জন্য। কিন্তু তিনি এলেন না। ভারতের ভেলোরে চিকিৎসার জন্য নিতে চেয়েছিলাম বাবাকে। এ জন্য ক্রীড়া মন্ত্রণালয়ে এক লাখ টাকা চেয়ে দরখাস্ত দিই গত ২৯ মার্চ। কিন্তু পরে জানলাম, সেই দরখাস্ত নাকি তারা হারিয়ে ফেলেছে। এর চেয়ে বড় কষ্টের আর কিছুই হতে পারে না।’পাক্ষিক ক্রীড়া জগত-এর সহসম্পাদক হিসেবে ২০০৮ সালে অবসর নেন মারীর জীবনসঙ্গিনী ইন্দুলেখা মারী। আগামী ৮ ডিসেম্বর তাঁদের বিবাহিত জীবনের ৪০ বছর পূর্ণ হতো। সেই দিনটা একসঙ্গে পালন করা হলো না। ইন্দুলেখা বলছিলেন, ‘অভিমান করে আমাকে বহুবার বলেছেন, ছেলেদের ফুটবলে যেন না আনি। খেলোয়াড়দের সামনে সালাম দেয় মানুষ কিন্তু আড়ালে কোনো মূল্যায়ন নেই।’২০০৫ সালে গ্রামীণফোন-প্রথম আলোর আজীবন সম্মাননা পেয়েছেন মারী। ফুটবল অঙ্গনে মারী এক চিরস্মরণীয় নাম। কিন্তু বিদায়টা হলো অনাড়ম্বর। ফুটবল ফেডারেশন একটা ফুলের তোড়া পাঠিয়েই দায়িত্ব শেষ করেছে। মারীকে দেখতে ফুটবলারদের ঢল নামেনি। গিয়েছেন শুধু জাকারিয়া পিন্টু, বাদল রায়, শেখ মোহাম্মদ আসলামরা।মৃত্যুর পরও অবহেলাই পেলেন কিংবদন্তি ফুটবলার।