আক্ষেপ নেই মারের
যদি রজার ফেদেরার আর রাফায়েল নাদাল না থাকতেন? ফেদেরার না থাকলে হয়তো তিন-তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপা এরই মধ্যে লেখা হয়ে যেত তাঁর নামের পাশে। আর নাদাল না থাকলে আরও চারটি শিরোপার সম্ভাবনা নিয়ে উঠে যেতেন ফাইনালে! অ্যান্ডি মারের দুর্ভাগ্যই বলতে হবে, এমন এক সময়ে জন্মেছেন, যখন টেনিসের সর্বকালের অন্যতম দুই সেরার রাজত্ব। মারের নামের পাশে তাই এখনো একটি গ্র্যান্ড স্লাম শিরোপাও নেই!চারবার ফাইনালে উঠেছেন, এর মধ্যে তিনবার হেরেছেন ফেদেরারের কাছে। সর্বশেষ হারলেন গত উইম্বলডনে। ছয়টি গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল থেকেও বিদায় নিতে হয়েছে। চারবারই তাঁর হন্তারক ছিলেন নাদাল। মারের কি আক্ষেপ হয় না, ‘ইশ্, ফেদেরার-নাদালের যুগে না জন্মে যদি অন্য কোনো সময়ে জন্মাতাম!’ব্রিটিশ এই টেনিস তারকা কিন্তু অন্য রকম উত্তরই দিলেন। গত পরশু স্পেনের ফেলিসিয়ানো লোপেজের বিপক্ষে ৭-৬ (৭/৫), ৭-৬ (৭/৫), ৪-৬, ৭-৬ (৭/৪) গেমের ঘাম ঝরানো এক জয়ে চতুর্থ রাউন্ডে ওঠার পর মারে বলেছেন, ‘অবশ্যই এটার পক্ষে-বিপক্ষে ভালো যুক্তি আছে। তবে আমি তাদের বিপক্ষে খেলাটা উপভোগ করি। এই খেলোয়াড়দের অংশ হতে পেরে, নিয়মিত তাদের বিপক্ষে খেলতে পেরে আমি খুশি। এতে আমার নিজের খেলারও অনেক উন্নতি হয়েছে।’অ্যান্ডি মারেকে সবচেয়ে বেশিবার হতাশ করেছেন ফেদেরারই। এবার অলিম্পিকে অবশ্য ফেদেরারকে হারিয়েই সোনা জিতেছেন। তবে ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার সম্পর্কে তাঁর শ্রদ্ধার শেষ নেই, ‘এত দীর্ঘ সময়ে ধারাবাহিকভাবে ভালো খেলে যাওয়া সত্যিই মুগ্ধকর। রজারের বয়স সম্ভবত ৩১, তার পরও ও এখনো বিশ্বের এক নম্বর। এখনো দুর্দান্ত খেলছে।’ নিজে শত চেষ্টাতেও একটি গ্র্যান্ড স্লাম জিততে পারেননি বলে ফেদেরারের ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ের মাহাত্ম্য সম্ভবত তিনিই সবচেয়ে ভালো বুঝবেন! ফেদেরারের গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটা দীর্ঘদিন টিকে থাকবে বলেও মনে করেন মারে, ‘এটা করা খুব, খুবই কঠিন। এমন কীর্তি সব সময় হয় না। ওর গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড কেউ ভাঙার আগে অনেক দিন এটা টিকে থাকবে।’গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের আরেকটি ফাইনালে মারে হেরেছিলেন নোভাক জোকোভিচের কাছে। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালেও জোকোভিচ হারিয়েছেন তাঁকে।২০০৩ সাল থেকে এ বছরের উইম্বলডন পর্যন্ত ৪৭টি গ্র্যান্ড স্লাম এককের ৩৩টি শিরোপাই গেছে ফেদেরার-নাদাল-জোকোভিচের দখলে। এই পরিসংখ্যানের দিকে তাকিয়েই হয়তো মারে বলছেন, ‘এরা যে পরিমাণ জিতেছে, যদি শুধু সেটি খেয়াল করেন, তাহলে বলতেই হবে যে আমি এই যুগের বদলে অন্য কোনো যুগে জন্মাতেই বেশি পছন্দ করতাম। কিন্তু অতীতের অনেক ভালো খেলোয়াড়ের চেয়েও আমি সম্ভবত বেশি ভালো খেলছি, কারণ আমি তাদের বিপক্ষে লড়াই করার সুযোগ পেয়েছি।’নাদাল খেলছেন না এবার। হয়তো সামনেই জোকোভিচ-ফেদেরারদের সঙ্গে দেখা হয়ে যাবে মারের। ফার্নান্দো ভার্দাস্কোকে অনায়াসে (৬-৩, ৬-৪, ৬-৪) হারিয়ে ফেদেরারও উঠেছেন চতুর্থ রাউন্ডে। মেয়েদের এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন সেরেনা উইলিয়ামস, আনা ইভানোভিচ, আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, সারা এরানিও। এএফপি।