আক্ষেপ বাড়ালেন রোনালদো-ইব্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সান্তিয়াগো বার্নাব্যুতে জোড়া গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদো ষ এএফপি
সান্তিয়াগো বার্নাব্যুতে জোড়া গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদো ষ এএফপি

বিশ্বকাপে তাঁদের একজন খেলবেন। অন্যজনের পথচলা থেমে যাবে প্লে-অফেই। নিয়তির পরিহাস! নইলে ভাগ্য কেন এভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে রোনালদো আর জ্লাতান ইব্রাহিমোভিচকে? গত সোমবার বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ অঞ্চলের প্লে-অফের ড্রয়ের পর থেকেই ফুটবল অনুরাগীদের এই আফসোস। যে ড্র নিশ্চিত করেছে বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াইয়ে আগামী মাসে পর্তুগালের মুখোমুখি হবে সুইডেন।
দেশের জার্সিতে এই সময়ের সেরা দুই ফুটবলারের একজনকে বিশ্বকাপে খেলতে না দেখার আফসোসটা নিঃসন্দেহে বাড়িয়ে দেবে পরশু রাতে তাঁদের ক্লাবের পারফরম্যান্স। প্যারিস সেন্ট-জার্মেইয়ের ইব্রা আর রিয়াল মাদ্রিদের রোনালদো—চ্যাম্পিয়নস লিগে নিজ নিজ প্রতিপক্ষের বিপক্ষে জ্বলে উঠেছেন দুজনই। হ্যাটট্রিকসহ সুইডিশ স্ট্রাইকারের চার গোলে বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। জুভেন্টাসকে ২-১ গোলে হারানো রিয়াল মাদ্রিদের দুটি গোলই করেছেন রোনালদো।
যেন বিশ্বকাপ থেকে যেকোনো একজন বাদ হয়ে যাবেন জেনেই দুই ফরোয়ার্ড পণ করেছেন সমর্থকদের আক্ষেপে পোড়াবেন!
ইব্রা-রোনালদোময় ইউরোপিয়ান ফুটবলের রাতে আলো ছড়িয়েছেন ফ্রাঙ্ক রিবেরি, সার্জিও আগুয়েরো, স্টেফান কিসলিংরাও। রিবেরির জোড়া গোলের সঙ্গে বাস্তিয়ান শোয়েনস্টেইগারের অসাধারণ এক গোল মিলিয়ে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ভিক্টোরিয়া প্লজেনকে। এই নিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা আট ম্যাচ জিতল বায়ার্ন। দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে উচ্ছ্বসিত কোচ পেপ গার্দিওলা, ‘আমি ওদের বলেছিলাম, প্রথমার্ধে ভালো পারফরম্যান্স চাই, সেটা ওরা করে দেখিয়েছে।’
রিয়ালের হয়ে জোড়া গোল করা রোনালদো পরশু পেরিয়ে গেছেন নিস্টলরয়কে। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে ৫৭ গোল হলো তাঁর। রাউল (৭১), মেসির (৬২) পর তিনিই এখন এই টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। আধা ঘণ্টার মধ্যে ২-১ গোলে পিছিয়ে যাওয়া জুভেন্টাস ১০ জনের দল হয়ে গিয়েছিল ৪৮ মিনিটে জর্জো কিয়েল্লিনি লাল কার্ড দেখায়। তবে একজন কম নিয়েও বাকি সময়টা রিয়ালকে যথেষ্ট ভুগিয়েছে জুভেন্টাস। ম্যাচ শেষে রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াসও স্বীকার করেছেন সত্যটা, ‘একজন কম হয়ে যাওয়ার পর ওরা আরও আঁটসাঁট হয়ে গিয়েছিল। গোলের সুযোগ তৈরি করা কঠিন হয়ে গিয়েছিল আমাদের জন্য।’
ফেবারিটদের জয়ের দিনে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ডের দুই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ওল্ড ট্রাফোর্ডে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আত্মঘাতী গোলে পাওয়া ইউনাইটেডের জয়টা অবশ্য সমর্থকদের উচ্ছ্বসিত করেনি খুব একটা। তবে যেভাবেই হোক পয়েন্ট পেয়েই খুশি কোচ ডেভিড ময়েস, ‘আমরা পুরো পয়েন্ট না পেলে সেটা বরং খারাপ হতো।’ মস্কোতে আগুয়েরোর জোড়া গোলে সিএসকেএ মস্কোকে ২-১ ব্যবধানে হারিয়েছে সিটি। দিদিয়ের দ্রগবা, ওয়েসলি স্নাইডার আর ফেলিপে মেলোর গোলে গ্যালাতাসারাই ৩-১-এ হারিয়েছে কোপেনহেগেনকে। বে অ্যারেনায় বেয়ার লেভারকুসেন ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে শাখতার দোনেৎস্ককে। জোড়া গোল করেছেন গত সপ্তাহে বুন্দেসলিগায় হফেনহেইমের বিপক্ষে ভুতুড়ে গোল করা লেভারকুসেন স্ট্রাইকার স্টেফান কিসলিং। এএফপি।

চ্যাম্পিয়নস লিগ

লেভারকুসেন ৪: ০ শাখতার, ম্যানচেস্টার ইউনাইটেড ১: ০ সোসিয়েদাদ, গ্যালাতাসারাই ৩: ১ কোপেনহেগেন, রিয়াল মাদ্রিদ ২: ১ জুভেন্টাস

আন্ডারলেখট ০: ৫ পিএসজি, বেনফিকা ১: ১ অলিম্পিয়াকস, সিএসকেএ মস্কো ১: ২ ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ ৫: ০ ভিক্টোরিয়া প্লজেন