আক্ষেপে পুড়ছেন আইয়ুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইকেটে থিতু হয়েও আউট হওয়াটা পোড়াচ্ছে মার্শাল আইয়ুবকে। ছবি: শামসুল হক
উইকেটে থিতু হয়েও আউট হওয়াটা পোড়াচ্ছে মার্শাল আইয়ুবকে। ছবি: শামসুল হক

দারুণ ব্যাট করছিলেন মার্শাল আইয়ুব। স্বপ্ন দেখছিলেন বড় ইনিংস খেলার; স্বপ্ন দেখাচ্ছিলেন নিজের ব্যাটে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার। কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকেই গেল। প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধনটা একসূত্রে গাঁথা আর হলো না।

সংবাদ সম্মেলনে আইয়ুবের অভিব্যক্তিতেই যেন ফুটে উঠছিল সবকিছু। বড় কিছু পেতে গিয়েও তা হারিয়ে ফেলার প্রতিচ্ছবি যেন তাঁর চোখে মুখে। প্রথমেই স্বীকার করে নিলেন, থিতু হয়েও ওভাবে আউট হয়ে যাওয়াটা আসলে একধরনের অপরাধই।

প্রথম সকালেই অতিরিক্ত শট খেলার অভিযোগের আঙুল উঠেছে তামিম আর আইয়ুবের দিকে। বিষয়টা স্বীকার করতে চাইলেন না সদ্যই দেশের হয়ে টেস্ট অভিষিক্ত এই ব্যাটসম্যান, ‘আমরা অতিরিক্ত শট খেলেছি, এ কথা বলব না। নিউজিল্যান্ড বাজে বল করছিল। আমরা কেবল মারার বলগুলোই মেরেছি। অতিরিক্ত শট খেলেছি, বিষয়টি বোধ হয় ঠিক নয়।’

নিজের ইনিংসটি নিয়ে যথেষ্ট আক্ষেপ তাঁর। ইচ্ছা করলেই তা বড় করতে পারতেন বলে স্বীকার করেছেন তিনি, ‘আসলে আমি বলটাই বুঝতে পারিনি। ওরা অফে বল করছিল। আমি ভেবেছি ওই বলটাও বোধ হয় তেমনই। আমি লাইনটা মিস করেছি। মানছি, দোষটা আমারই।’

দেশের ঘরোয়া ক্রিকেটে এক উজ্জ্বল পারফর্মার এই আইয়ুব। ঘরোয়া ক্রিকেটে একবার সেট হয়ে গেলে বড় বড় ইনিংসই বেরিয়ে আসে তাঁর ব্যাট থেকে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত খেলা প্রতিটি ইনিংসেই সেট হয়েই বিদায় নিয়েছেন তিনি। বিষয়টিকে একেবারেই নিখাদ ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে দেখতে চান তিনি, ‘আমি বুঝতে পারছি না। চট্টগ্রামেও আমি বড় ইনিংস খেলার পর্যায়ে ছিলাম। এখানেও সেট হয়ে আউট হয়ে গেলাম। চেষ্টা করছি। পারছি না।’

বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা ৩৫.২ ওভার বাকি থাকতে শেষ হয়ে যাওয়ার পর পুরো দিনটি বিশ্লেষণ করার সময় পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা আইয়ুব বলেন, ‘একটা উইকেট বেশি পড়ে গেছে। তবে এখনো সুযোগ আছে। এখনো আমাদের লক্ষ্য ৪০০ রান। আশা করছি, আমরা পারব।’