আক্ষেপের এক ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে দুই দলেরই সঙ্গী ছিল আক্ষেপ। জিততে জিততে ড্র করেছে ব্রাদার্স। ৮৯ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও জিততে পারেনি ফেনী সকার। মাত্র দুটি গোল হলেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল হাজার খানেক দর্শক দেখেছে দারুণ রোমাঞ্চকর এক ম্যাচ। ইনজুরি সময়ে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো পেনাল্টি পায় ব্রাদার্স। স্কোর তখন ১-১। তিন পয়েন্ট নিয়ে ঘরে ফেরার আগাম আনন্দে মশগুল ক্লাব কর্মকর্তারা। কিন্তু পেনাল্টি মিস করে বসেন জানকাসা। সকারের গোলরক্ষক আরিফুল ঝাঁপ দেন বাঁদিকে, আর সেদিকেই মেরে দেন ব্রাদার্সের নাইজেরিয়ান মিডফিল্ডার। ১ পয়েন্টও কম নয় ব্রাদার্সের। পয়েন্টই তো হারাতে বসেছিল ৩৭ মিনিটে শাহেদের গোলে এগিয়ে যাওয়া ফেনীর দলটির কাছে। কয়েক ম্যাচ ধরেই ছন্দে থাকা সকার কালও খেলেছে চমৎকার। বঙ্গবন্ধু স্টেডিয়ামে রহমতগঞ্জকে হারানোর পর গত ম্যাচে ফেনীতে হারিয়েছে মোহামেডানকে। কাল ব্রাদার্সকে চেপেই ধরেছিল। কিন্তু জয় তো পেয়েই গেছি—এমন ভেবে হালকা মেজাজে খেলছিল শেষ পাঁচ মিনিট। রক্ষণভাগের দুর্বলতার সুযোগে ৮৯ মিনিটে গোল শোধ করে দেন ব্রাদার্সের বদলি স্ট্রাইকার তৌহিদুল। প্রধান স্ট্রাইকার কিংসলেকে ম্যাচের ৭০ মিনিটে উঠিয়ে সৈয়দ নঈমুদ্দিন আস্থা রেখেছিলেন তৌহিদুলের ওপর। সেই তৌহিদুলই এনে দেন একটি পয়েন্ট। তবে ম্যাচটি জিততেও পারত ব্রাদার্স। হাস্যকরভাবে কয়েকটি গোল মিস করেছেন শাহ আলমগীর ও কিংসলে। ড্রয়েও ফেনীর কোচ রেজাউল খুশি, ‘ভাগ্য ভালো পেনাল্টিতে গোল হয়নি। তবে ছেলেদের খেলায় আমি খুশি।’ ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এল সকার, সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ব্রাদার্স।