আক্ষেপের পাশে আছে একটু স্বস্তিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রপ ইন পিচ তো চাইলে যেকোনো মাঠেই বসিয়ে দেওয়া যায়। সাকিব আল হাসানের ইচ্ছা করছে, ক্রাইস্টচার্চের ড্রপ ইন পিচটাকে হ্যামিল্টনের সেডন পার্কে বসিয়ে দিতে! আগামী সোমবার সফরের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হচ্ছে সেখানেই এবং একটু স্পিনবান্ধব উইকেট পেলে নিউজিল্যান্ডের জারিজুরি সব ফাঁস করে দিতে পারবেন বলেই সাকিবের বিশ্বাস।তৃতীয় ওয়ানডের উইকেট থেকে একটু টার্ন পেয়েছেন, তাতেই ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার-সেরা বোলিং। মাথাব্যথার কারণে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে না গিয়ে পাঠিয়েছেন কোচকে। রাতে হোটেলে ফেরার পর বললেন, ‘উইকেট থেকে একটু সাহায্য পেলে বোলিং করে খুব মজা লাগে। আজ আমার হাত থেকে বল ছাড়ার সময়ই বুঝতে পারছিলাম, বোলিং ভালো হচ্ছে। টেস্টে এমন উইকেট পেলে ওরা সহজে পার পাবে না। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা স্পিনে খুব একটা ভালো নয়। বাংলাদেশে গিয়ে ওদের কী অবস্থা হয়েছিল, মনে নেই?’কিন্তু এই পরিতৃপ্ত সাকিব তো শুধুই বোলার সাকিব। ব্যাটসম্যান সাকিবের মনে তুমুল আক্ষেপ, ‘আমি খুব বাজে সময়ে আউট হয়ে গেছি।’ অধিনায়ক সাকিবের আক্ষেপ আরও বেশি, ‘এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। শেষ ১০ ওভারে আমরা খুব বাজে ব্যাটিং করেছি। আর পাওয়ার প্লেটা তো কাজেই লাগাতে পারলাম না।’পাওয়ার প্লে নিয়ে আক্ষেপটা আরও বেড়ে যাচ্ছে একটা ভুল বোঝাবুঝির কারণে। অতীত অভিজ্ঞতা বলে, একটু আগেভাগে পাওয়ার প্লে নিয়ে ফেললে বাংলাদেশ বেশি রান তো করতে পারেই না, উল্টো অনেক বেশি উইকেট হারিয়ে ফেলে। কাল তাই পাওয়ার প্লেটা নেওয়ার কথা ছিল আরও দুই ওভার পরে। ড্রেসিংরুম থেকে সেই ইঙ্গিতই করেছিলেন সিডন্স। মুশফিকুর রহিম সেটিরই অর্থ করে নেন, কোচ এখনই পাওয়ার প্লে নিতে বলছেন। নিয়েও নেন।সাকিব অবশ্য নিজেকেই দুষছেন বেশি। ৩৯তম ওভারে আউট হয়ে না গেলে তো সিদ্ধান্তটা তিনিই নিতে পারতেন, ‘আমি যখন ব্যাটিং করছিলাম, মনে হচ্ছিল তিন শ হয়ে যাচ্ছে। ২৮০ তো হচ্ছেই। খুব বাজে সময়ে আউট হয়েছি।’ ২৮০ হলে নিউজিল্যান্ডকে আর জিততে হতো না বলেই বিশ্বাস সাকিবের। সিডন্সও সংবাদ সম্মেলনে বলে গেলেন, ‘২৮০-৯০ চেজ করতে নামলে ওদের অন্যভাবে ব্যাটিং করতে হতো। কে জানে, তাতে আরও সমস্যা হতো কি না।’বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার আফসোস আছে, তবে সফরের প্রথম তিন ম্যাচের দুঃস্বপ্নের পর এই পারফরম্যান্সকে ‘বড় একটা স্বস্তি’ বলে মানছেন সাকিব। টেস্ট ম্যাচের আগে দলের আত্মবিশ্বাসে টনিক বলেও। সবচেয়ে বড় পাওয়া মানছেন এক টপ-অর্ডার ব্যাটসম্যানের বড় ইনিংস খেলাটাকে, ‘ইমরুল দারুণ খেলেছে। সব সময়ই তো বলে এসেছি, টপ-অর্ডারের কাউকে বড় ইনিংস খেলতে হবে। আজ দেখুন, ইমরুলের সেঞ্চুরির পর আমি আর অ্যাশ শুধু ত্রিশের ঘরে গেছি। এতেই এমন। আমাদের কেউ একটা ফিফটি করতে পারলেই তো আজ ২৮০-৯০ হয়ে যায়। এ দিক থেকে চিন্তা করলে খেলাটা খুব সহজ।’নিউজিল্যান্ড যখন চাপে, মাহমুদউল্লাহ আর নাঈমকে দিয়ে বোলিং করিয়েই কি চাপটা আলগা করে দিলেন তিনি? সাকিব মানলেন না, ‘রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাইয়ের কাছ থেকে আরেকটু ভালো বোলিং আশা করেছিলাম। আজ আসলে পেসারদের ওপর খুব একটা ভরসা করতে পারছিলাম না। উইকেটে সিম-সুইং কিছুই করছিল না। তা ছাড়া বাঁহাতিদের বিপক্ষে অফ স্পিন কাজে আসবে বলেও ভেবেছিলাম।’সিরিজে এই প্রথম টেনশনে হাতের নখ কামড়াতে হয়েছে ড্যানিয়েল ভেট্টোরিকে। ‘কি, বলেছিলাম না’ ভঙ্গিতে মনে করিয়ে দিলেন বাংলাদেশকে তিনি ঠিকই চিনেছিলেন, ‘আমি তো সব সময়ই বলে এসেছি বাংলাদেশ ভালো দল। দেশে ওরা অনেক ভালো ক্রিকেট খেলে এসেছে। যেকোনো সময়ই এখানে সেই ফর্মে দেখা দিতে পারে।’ ইমরুল কায়েসের ইনিংসটির প্রশংসা করলেন, তবে সাকিবের বোলিং নিয়ে প্রায় ভেসে গেলেন উচ্ছ্বাসে, ‘স্পিন বোলিংয়ের অপূর্ব এক প্রদর্শনী ছিল এটি।’হ্যামিল্টনে কি তা দেখানোর সুযোগ পাবেন সাকিব?