আক্ষেপের সঙ্গে আছে স্বস্তিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ ও সিরিজ-সেরার পুরস্কার উঠল মুমিনুল হকের হাতে ষ প্রথম আলো
ম্যাচ ও সিরিজ-সেরার পুরস্কার উঠল মুমিনুল হকের হাতে ষ প্রথম আলো

সকালে একবার সম্ভাবনা জেগেছিল খেলা শুরু হওয়ার। তবে সম্ভাবনা পর্যন্তই। দিনভর ইলশে গুঁড়ি বৃষ্টিতে চা-বিরতি পর্যন্তও সব কভার উঠল না মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ থেকে। অগত্যা চা-বিরতির ঠিক আগে ম্যাচ রেফারি জানিয়ে দিলেন, খেলা হবে না। বৃষ্টিতে ভেসে যাওয়া পঞ্চম দিন শেষে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের ফলাফল তাই ড্র। কিন্তু এই ফলাফল যে পুরোপুরি সন্তুষ্ট করতে পারছে না বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমকে!
বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ মানেই ছিল অসম লড়াই। কিন্তু এবারের চট্টগ্রাম টেস্ট চিত্রনাট্য বদলে দিল। ঢাকা টেস্টের আগে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও যেখানে জেতার কথা বলেননি, সেখানে মুশফিক বলেছিলেন, এই টেস্টটা তাঁরা জিততে চান। প্রত্যাশিত ফলাফল না আসায় কাল সিরিজ শেষে আশাহত শোনাল বাংলাদেশ অধিনায়কের কণ্ঠ, ‘ড্র করার জন্য তো আপনি কোনো ম্যাচ খেলেন না। অবশ্যই জেতার জন্য খেলেন। আমাদের টার্গেটও সেটাই ছিল। আমরা টেস্টটা জিততে চেয়েছিলাম, ড্র করতে নয়।’ অবশ্য স্বীকারও করেছেন, প্রথম ইনিংসের ব্যাটিংটা খুব ভালো না হওয়ার পর ফলাফল হিসেবে ড্রটাও স্বস্তির।
চতুর্থ দিন শেষে তিন রকম ফলের সামনে দাঁড়িয়েছিল ঢাকা টেস্ট। শেষ দিনটা বৃষ্টিতে খেয়ে না নিলে এই টেস্টে কী হতো, তা বলা একটু মুশকিলই। তবে মুশফিক বাস্তবতা মানছেন। মুশফিকের প্রতিধ্বনি কোচ শেন জার্গেনসেনের মুখেও, ‘আমার মনে হয়, সিরিজ ড্র হওয়ায় দুই দলই খুশি। তবে এই টেস্ট আমাদের জন্য একটা সুযোগ হয়ে এসেছিল, যেটা আমরা হাতছাড়া করেছি। তার পরও আমি গর্বিত। এটাকে উন্নতি হিসেবেই দেখছি, কারণ আমি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেড কোচ হওয়ার পর আমরা একটা টেস্টে ভালো খেললেও অন্যটাতে সে রকম খেলিনি।’
ফলাফলের অংশটুকু বাদ দিলে সিরিজের কোনো কিছু নিয়েই বাংলাদেশ দলের অতৃপ্ত হওয়ার সুযোগ নেই। চট্টগ্রাম টেস্টে সোহাগ গাজীর ব্যাটিং-বোলিং, ঢাকায় সাকিবের বোলিং, নিজেকে বদলে তামিম ইকবালের অমন ধৈর্যশীল ইনিংস, কিংবা ঢাকা-চট্টগ্রাম দুই টেস্টেই মুমিনুল হকের সেঞ্চুরি ব্যক্তিগত পারফরম্যান্সের দিক দিয়েও নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে রেখেছে বাংলাদেশকে। অধিনায়কের তৃপ্তিটাও এখানেই, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল ভালো খেলা এবং ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলা। প্রায় পাঁচ-ছয় মাস পর টেস্ট খেলেছি বলে কাজটা সহজ ছিল না। সিরিজের আগে আমরা সেভাবে দীর্ঘ পরিসরের ম্যাচ খেলার সুযোগ পাইনি। আমাদের জন্য তাই এটা চ্যালেঞ্জ ছিল। খেলোয়াড়েরা যেভাবে পারফর্ম করেছে, আমি এটাকে ব্যতিক্রমই বলব।’
একটা টেস্ট ভালো খেলে পরের টেস্টে সেই ভালোটা ধরে রাখার উদাহরণ কমই আছে বাংলাদেশ দলের। নিউজিল্যান্ড সিরিজ ব্যতিক্রম সেখানেও। প্রথম ইনিংসের ব্যাটিং প্রত্যাশা পূরণ না করলেও দ্বিতীয় ইনিংসে মুমিনুল-তামিম বড় কিছুরই স্বপ্ন দেখিয়েছেন। মুশফিকের দৃষ্টিতে ব্যতিক্রম এটাও, ‘দ্বিতীয় ইনিংসের ব্যাটিং যদি খেয়াল করে দেখেন, তাহলে বুঝতে পারবেন, ওই একই পিচে তারা কতটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে খেলেছে। এটা খুবই ভালো লক্ষণ।’ সাকিবের ৫ উইকেট বা তামিমের ধৈর্যশীল ৭০ রানের ইনিংসটা ঢাকা টেস্টের প্রাপ্তির খাতায় থাকলেও তাঁদের কাছে প্রত্যাশা কখনো কখনো আরও বেশি। চট্টগ্রাম টেস্টে সে প্রত্যাশা তাঁরা কেউই পূরণ করতে পারেননি। তার পরও ঢাকা-চট্টগ্রাম দুই টেস্ট নিয়েই গর্ব করা যাচ্ছে দলে পারফরমারের সংখ্যা বাড়ায়। ‘আমাদের দল আগের চেয়ে পরিণত হচ্ছে। আগেও বলেছি, আমাদের পারফরমারের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। আশা করছি, তারা এটা ধরে রাখবে’—বলছিলেন মুশফিকও।

ছোটখাটো কিছু অতৃপ্তিও আছে অধিনায়কের। তামিমের সঙ্গে এনামুল হকের (বিজয়) ওপেনিং জুটি একটি। কোনো কোনো ব্যাটসম্যানের আউট হওয়ার ধরন নিয়েও আছে অসন্তুষ্টি। এ ছাড়া পেসারদের কাছেও ছিল আরও কিছু প্রত্যাশা। তার পরও সবকিছু মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলে ড্র অর্জন বাংলাদেশের প্রাপ্তির খাতায় মোটা হরফেই লেখা থাকবে।

সাফল্যের এই ধারাবাহিকতা এবার ওয়ানডে সিরিজেও নিয়ে যেতে চান মুশফিকুর রহিম। ২৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। অধিনায়ক কাল সরাসরিই বলে দিলেন, সে সিরিজেও জয়ই লক্ষ্য তাঁদের, ‘প্রথম কথা, আমরা সিরিজটা জিততে চাই। তার জন্য আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে। কারণ, নিউজিল্যান্ড দুর্বল দল নয়। তার পরও টেস্টের মতো ওয়ানডেতেও খুব ভালো ফলাফল করব, ইনশা আল্লাহ।’

কথাটা কি একটু জোর দিয়েই বললেন মুশফিক? বলতেই পারেন। ২০১০ সালে এই শেরেবাংলা স্টেডিয়ামেই তো ‘বাংলাওয়াশ’ হয়েছিল নিউজিল্যান্ড। সে স্মৃতি ম্যাককালামরাও নিশ্চয়ই ভোলেননি।

বাংলাদেশ: ২৮২ ও ২৬৯/৩; নিউজিল্যান্ড: ৪৩৭; ফল: ম্যাচ ড্র