শুরু থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল ম্যাচটা জমবে। চিত্রনাট্য সেই অনুযায়ীই এগিয়েছে। একটা সময় তো পুরোনো দিনের মোহামেডান-ব্রাদার্স ম্যাচই মনে হচ্ছিল। আক্রমণ পাল্টা-আক্রমণ। খেলোয়াড়দের দ্রুত ওঠানামা। তুলনামূলকভাবে মোহামেডানই একটু এগিয়ে ছিল। কিন্তু স্কোরলাইনে সেটির প্রতিফলন নেই (১-১)।এবারের বাংলাদেশ লিগে একটা পয়েন্টই শেষ পর্যন্ত দলগুলোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতে পারে। মোহামেডান-ব্রাদার্স হয়তো অবনমনের শঙ্কা করছে না। তবে খুব স্বস্তিকর অবস্থানেও তারা নেই। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে মোহামেডান রয়েছে ষষ্ঠ স্থানে। এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট পাওয়া ব্রাদার্স আছে ঠিক মোহামেডানের ওপর। দ্বিতীয় পর্বে নতুন বিদেশিদের নিয়ে দল সাজিয়েছে মোহামেডান। তাতে একটু হলেও গোছানো লেগেছে। তিনজন বিদেশিকে খেলানো হয়েছে এদিন। আগের বিদেশিদের চেয়ে আহামরি ভালো নয় এঁরা। তবে রক্ষণ ও মাঝমাঠে খেলা চিজোগি, নাইওবি, ওকালাওয়ানরা আগের বিদেশিদের চেয়ে একটু এগিয়েই মনে হলো।২৬ দিন পর খেলতে নেমে সাদা-কালোরা কাল জয় নিয়েই মাঠ ছাড়তে পারত। কিন্তু মধ্যবর্তী দলবদলে বিজেএমসি ছেড়ে মোহামেডানে ফিরে আসা আলফাজ পারলেন না। তিনি লক্ষ্যভেদে একটু নিপুণ হলেই বদলে যেতে পারত চিত্রনাট্য। ক্যারিয়ারের শেষবেলায় প্রথম একাদশেই আলফাজকে রাখেন কোচ এমেকা। গতি একটু কমে গেলেও পায়ের কারুকাজ ভুলে যাননি আলফাজ। কিন্তু মোহামেডান সমর্থকদের হতাশায় ডুবিয়ে কাল দুটি সহজ সুযোগ হেলায় হারিয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার। ২২ মিনিটে ব্রাদার্সের গোলরক্ষককে একা পেয়েও বাইরে মেরেছেন। বিরতির কিছু আগে ফাঁকা পোস্টে বল ঠেলতে পারেননি! কিন্তু ব্রাদার্সের জার্সি গায়ে নবাগত ভিক্টর সেই ভুল করেননি। ৫৬ মিনিটে পরিকল্পিত আক্রমণে ভিক্টর দারুণ ভলিতে এগিয়ে নেন ব্রাদার্সকে। রবিনহো ও এসি মিলানের ভক্ত এই নাইজেরিয়ান রবিনহোর মতোই ৭০ নম্বর জার্সি পরেন। পিছিয়ে পড়ার পরপরই আলফাজকে তুলে তরুণ রনিকে মাঠে নামান মোহামেডানের কোচ এমেকা। সেই রনিই জোরালো হেডে ১-১ করে দেন। জিতেই যেতে পারত মোহামেডান, যদি না ৮৩ মিনিটে ওকালাওয়ানের শটটা প্রতিহত হতো ব্রাদার্সের পোস্টে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে আসা কয়েক হাজার মোহামেডান সমর্থকের বুকে এটা যেন বিঁধেছে শেলের মতো!জয় আসেনি। এই আক্ষেপ নিয়েও মোহামেডান কোচ এমেকার কণ্ঠে প্রশংসা ঝরল তাঁর দলের প্রশংসা, ‘এটিই এ মৌসুমে আমাদের সেরা ম্যাচ।’