আগাম উৎসব করে ফেলল বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা শেষের বাঁশি বেজেছে। গ্যালারির বড় অংশজুড়ে পোড়াবাড়ির নিস্তব্ধতা। ‘সংখ্যালঘু’ কাতালান সমর্থকেরাই দাপটের সঙ্গে গেয়ে যাচ্ছে কোরাস। বেগুনি-লাল ডোরাকাটা জার্সিধারীরা গোল হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কোরাসে সুর মেলাচ্ছে। হঠাৎ দেখলে মনে হতে বাধ্য, দলটা বুঝি শিরোপাই জিতে গেছে।যাওয়ারই কথা। বড় ধরনের কোনো অঘটন না ঘটলে ১৬ মে এই একই ছবি দেখবেন। পার্থক্য কেবল, এবার মেসিরা উৎসব করেছেন ট্রফি ছাড়া। সেদিন ন্যু ক্যাম্পে তাদের হাতে হাতে ঘুরবে লা লিগার ট্রফিটাও। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদেরই মাঠে ২-০ গোলে জিতে টানা দ্বিতীয় শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা। ৩৩ মিনিটে লিওনেল মেসি এই মৌসুমে তাঁর ৪০তম গোলটি করে এগিয়ে দেন দলকে। ৫৬ মিনিটে পেদ্রোর দ্বিতীয় গোল। দুটো গোলই বানিয়ে দিয়েছেন বার্সার মাঝমাঠের মূল কারিগর হয়ে ওঠা জাভি। ৮৬ মিনিটে রাউল বার্সার জালে বল জড়িয়েছিলেন। কিন্তু হ্যান্ডবলের বাঁশি বাজিয়ে গোলটি বাতিল করে দেন রেফারি।এই মৌসুমে নিজেদের মাঠে লিগের প্রথম পরাজয় এটি রিয়ালের। নিজেদের মাঠে টানা ১৫ ম্যাচ, হোম-অ্যাওয়ে মিলে টানা ১২ ম্যাচ জেতা রিয়াল পরশু বার্সার চেয়ে বেশি সুযোগ পেয়েছিল। ১৬ শটের ৭টিই তারা নিয়েছিল পোস্টে। কিন্তু একটিও কাজে লাগেনি। সাতটি সেভ করে বিশ্বকাপ দলে থাকার দাবি জোরালো করেছেন গোলরক্ষক ভিক্টর ভালদেস। অন্যদিকে ৮ শটের ৪টি গোলপোস্টে নিয়েছিল বার্সেলোনা। দুটোই গোল! গত মৌসুমে ইতিহাসের প্রথম কোচ হিসেবে ছয়টি ট্রফি জেতা পেপ গার্দিওলা কাতালানদের ইতিহাসে প্রথম কোচ হিসেবে টানা চারটি ‘এল ক্লাসিকো’ও জিতলেন। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের ক্ষতে ঈর্ষার লবণ ছিটিয়ে বার্সা এবার জিতে নিতে পারে চ্যাম্পিয়নস লিগও। অন্যদিকে প্রায় ২৫০ মিলিয়ন ইউরো খরচ করে ‘দ্বিতীয় নক্ষত্রপুঞ্জ’ গড়ে তোলা মৌসুমে খালি হাতেই সম্ভবত ফিরতে হচ্ছে রিয়ালকে!চ্যাম্পিয়নস লিগ আর কিংস কাপ থেকে তারা ছিটকে গেছে আগেই। লিগের এক নম্বর জায়গাটিও এবার ছেড়ে দিতে হলো বার্সাকে। ৩১ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৮০, রিয়ালের ৭৭। শেষ দিকে রাউল আর গুতিকে নামিয়েও কাজ হয়নি। রিয়ালের সর্বকালের সফল খেলোয়াড় রাউল সম্ভবত খেলে ফেললেন ক্যারিয়ারের শেষ এল ক্লাসিকো। এখন বাকি সাত ম্যাচে নিজেদের জয় কামনার পাশাপাশি রিয়ালের প্রার্থনা থাকবে, কমপক্ষে দুটো ম্যাচে যেন পা হড়কে যায় বার্সার। কারণ এক ম্যাচ হারলেও সুবিধে হবে না তাদের। পয়েন্ট সমান থেকে শেষ করলেও হেড-টু-হেড লড়াইয়ে এগিয়ে থাকছে পেপ গার্দিওলার দলই।সব মিলে বার্সা সমর্থকেরা শিরোপার আগাম উৎসব করতেই পারে। মেসি অবশ্য বরাবরের মতোই সতর্ক, ‘আমরা এখনো শিরোপা জিতিনি। এখনো বেশ কটি বড় ম্যাচ বাকি আছে। তবে হ্যাঁ, শিরোপার দিকে একধাপ এগিয়ে গেলাম আমরা।’বার্সেলোনার এ দলটি চাইলে নতুন করে ইতিহাস লিখতে পারে বলেও মন্তব্য তাঁর, ‘এই দলটা দেখিয়ে দিয়েছে, চাইলে যেকোনো দলের ওপর কর্তৃত্ব করতে পারে। তবে মাঠে সেটি করে দেখাতে হবে। আজ (পরশু) আমরা যেমন দেখালাম।’ নিজে এই জয়ের কোনো কৃতিত্বই যেমন নিলেন না, দলকে ভাগ করে দিলেন; তেমনই মেসি বনাম রোনালদো লড়াইয়ের প্রসঙ্গ তুলতেও প্রবল আপত্তি এই আর্জেন্টাইন জাদুকরের, ‘ম্যাচটা মোটেও রোনালদো বনাম মেসি ছিল না।’ এএফপি, রয়টার্স।