আগাম দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি না রোনালদো?প্রশ্ন হওয়া উচিত এটাই। দু-তিন বছর ধরে বিশ্ব ফুটবলে সবচেয়ে বড় তর্ক তো এ নিয়েই। তার পরও বিশ্বকাপকে মেসি-রোনালদো দ্বৈরথের ফ্রেমে বাঁধছেন না কেউই। লড়াইটা যে অসম।লিওনেল মেসির আর্জেন্টিনায় তারকা মেলা। আর ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের ‘সোনালি প্রজন্মের’ শেষ প্রতিনিধি। রোনালদোর পর পর্তুগালের সবচেয়ে বড় তারকা নানিও ঝরে গেলেন কাল। একা রোনালদো আর পর্তুগালকে কত দূর নিয়ে যেতে পারবেন?মনে হয় না, বেশি দূর। তা-ই যদি হয়, তাতে বিশ্বকাপেরই ক্ষতি। পর্তুগালের খেলার মধ্যে আলাদা একটা মজা আছে। ইউরোপের হয়েও ওরা পুরো ইউরোপীয় নয়। সাগরপাড়ের দেশ। সাগরে সাগরে দুঃসাহসী সব অভিযাত্রীর রক্ত প্রবহমান ওদের শরীরে। খেলাতেও সেই দুঃসাহসী দুর্বিনীত মনের প্রকাশ। ক্রিস্টিয়ানো রোনালদো যেটির সবচেয়ে বড় বিজ্ঞাপন।ভুবনীকরণের এই যুগে বিশ্বের বিভিন্ন ফুটবল ঘরানা মিলেমিশে একাকার হয়ে যাওয়ার উপক্রম। তার পরও পর্তুগালের খেলাকে আলাদা করা যায়। এখনো ড্রিবলিংকেই ফুটবলের আসল মজা মানে ওরা। দলগত কাঠামোর মধ্যেও ব্যক্তিগত কারিকুরিকে সর্বোচ্চ মূল্য দেয়। মূলে হয়তো ‘লাতিন মন’। ইউরোপের দেশ, কিন্তু লাতিন ইউরোপ তো! বিশ্বকাপে সেরা সাফল্য বলতে দুবার সেমিফাইনাল। তার পরও এ কারণেই ‘ইউরোপের ব্রাজিল’ নামে স্বীকৃতি।পর্তুগাল তাড়াতাড়ি বিদায় নিয়ে ফেললে তার পরও এত আফসোসের কারণ থাকত না, যদি তাতে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখার সুযোগ শেষ হয়ে না যেত!কে সেরা, সেই তর্কে না-ই গেলাম। ব্যক্তিগত মত যদি জানতে চান, আমি বলব মেসি-রোনালদো লড়াইয়ে আপাতত সমতাই বিরাজমান।এক বছর রোনালদো যা করেছেন, পরের বছর তা করেছেন মেসি। মাত্র শেষ হওয়া মৌসুমের পারফরম্যান্স অবশ্য নিশ্চিতভাবেই এগিয়ে রাখবে মেসিকে।তার পরও তর্ক চলবেই। দু-তিন দিন পর পরই তো আমরা খবর পাই, আজ অমুক মেসিকে সেরা বলেছেন তো তমুক রোনালদোকে। সেটিও যেনতেন কেউ নন, বিশ্বসেরার দাবিদার হতে পারেন এমন কোনো ফুটবলারই।তবে একটা জায়গায় শুধু মেসি নন, রোনালদোকে বাকি সবার চেয়েই এগিয়ে রাখতে চাই। ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখাটা বর্তমান ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা। শব্দটা আবার খেয়াল করুন। আমি বলছি—‘রোমাঞ্চকর’। মেসির ড্রিবলিং, ক্লোজ কন্ট্রোল রীতিমতো বিস্ময়ের ঘোরে ফেলে দেয়। ওইটুকুন শরীর নিয়ে দ্বিগুণ সাইজের সব খেলোয়াড়কে অবলীলায় হাবুডুবু খাওয়ানোর মধ্যে যেন আদিভৌতিক কিছুও আছে। কিন্তু মেসি যদি হন বিস্ময়, রোনালদো শিহরণ।কোনো ফুটবলারের বর্ণনায় ‘স্টাইলিশ’ শব্দটা খুব বহুল প্রচলিত নয়। অথচ রোনালদোর সঙ্গে সেটি খুব ভালো যায়। ওর একটা স্টেপ ওভার দেখার জন্যই তো পুরো ম্যাচ অপেক্ষা করে থাকা যায়।কিন্তু পর্তুগালের যে অবস্থা, তাতে ভয় হচ্ছে, বিশ্বকাপটাই না রোনালদোকে ‘স্টেপ ওভার’ করে যায়!