আগাম সতর্কতা
কাল কলম্বিয়া-উরুগুয়ের ম্যাচ চলাকালে কলম্বিয়ার রাজধানী ও শহরগুলোয় জারি করা হয় কারফিউ। সব ধরনের অ্যালকোহল ছিল নিষিদ্ধ। কড়াকড়ি আরোপ করা হয় মোটরসাইকেল চলাচলের ওপরও। ম্যাচে কলম্বিয়া জিতে থাকলে হয়েছে উৎসব, হেরে থাকলে হানাহানির শঙ্কাও ছিল। দুটোই যেহেতু পরিস্থিতি বিশৃঙ্খল করে তুলতে পারে, নগর নিরাপত্তা কর্তৃপক্ষের আগাম সতর্কতা সে কারণেই।
ফুটবলকে কেন্দ্র করে হতাহতের ঘটনা আগেও ঘটেছে কলম্বিয়ায়। ১৯৯৩ সালের বাছাইপর্বে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারানোর পর বিজয়োল্লাসের বলি হয়েছিল ৬০টি প্রাণ। আর এবার ব্রাজিল বিশ্বকাপে গ্রুপপর্বে গ্রিসের সঙ্গে ম্যাচ জয়ের পর উদ্যাপনে মারা গেছেন নয়জন, আইভরিকোস্টের বিপক্ষে জয়ের পর দুজন ছাড়াও জাপানের বিপক্ষে ম্যাচ শেষে বিজয় আনন্দ করতে গিয়ে মৃত্যু হয়েছে এক কলম্বিয়ানের। উল্লাস যেন কারও জীবন কেড়ে না নেয় সে জন্যই কলম্বিয়া সরকারের ২৪ ঘণ্টাজুড়ে এমন সতর্কাবস্থা। ইয়াহু স্পোর্টস।