আগামী অ্যাশেজেও কামিন্স নেই
ফিরতে না-ফিরতেই আবার মাঠের বাইরে চলে যেতে হলো প্যাট কামিন্সকে। পুরোনো পিঠের ব্যথাটা আবার ফিরে এসেছে অস্ট্রেলীয় ফাস্ট বোলারের। আগামী অ্যাশেজে অস্ট্রেলিয়া এই ফাস্ট বোলারকে পাচ্ছে তো না-ই, কামিন্স খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেও। এই চোটের কারণেই গত দুটি অস্ট্রেলীয় মৌসুমে খেলতে পারেননি ২০ বছর বয়সী ফাস্ট বোলার। দুই বছর আগে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত অভিষেকের পর থেকেই চোটের সঙ্গে বসবাস কামিন্সের। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে ৬ উইকেট নিয়ে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছিলেন ডানহাতি বোলার। কামিন্সের ক্যারিয়ারের একমাত্র টেস্ট হয়ে আছে সেটাই।
অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা কামিন্স চোটের কারণে গত সপ্তাহেই সফর শেষ করে অস্ট্রেলিয়ার বিমানে চড়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান চিকিৎসা কর্মকর্তা জাস্টিন পাওলোনি কাল ব্যাখ্যা করেছেন কামিন্সের পরিস্থিতি, ‘প্যাটের পিঠে ব্যথা ছিল। স্ক্যান করার পর দেখা গেছে গত অক্টোবরে মেরুদণ্ডের নিচের দিকের যে চোটের কারণে চ্যাম্পিয়নস লিগ থেকে দেশে ফিরেছিলেন, সেটা আবার ফিরে এসেছে।’ শুধু ওই সফর থেকেই নয়, পেটের পেশিতে টান পড়ায় কামিন্সকে গত বছর ইংল্যান্ড থেকে দেশে ফিরতে হয়েছিল ওয়ানডে সিরিজ শেষ না করেই। এএফপি।