আগামী এশিয়া কাপ ক্রিকেটও বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের ফেব্রুয়ারিতে দ্বাদশ এশিয়া কাপ ক্রিকেট হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু ভারত টুর্নামেন্টটা আয়োজন করবে না। নানা সমস্যা দেখিয়ে তারা আয়োজক হতে অপারগতা প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে। এ অবস্থায় বাংলাদেশ ও পাকিস্তান আগ্রহ দেখিয়েছিল। কিন্তু পাকিস্তানের আগ্রহ দেখিয়ে তো লাভ নেই। কয়েক বছর ধরেই সে দেশে কোনো আন্তর্জাতিক দল খেলতে যাচ্ছে না। স্বাভাবিকভাবে সবাই মিলে বাংলাদেশকেই বেছে নিয়েছে। মানে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশে আগামী এশিয়া কাপ ক্রিকেটও হবে বাংলাদেশে।গত ৮ এপ্রিল মালয়েশিয়ায় এসিসির সভায় বিষয়টা চূড়ান্ত হয়েছে। টুর্নামেন্টের সম্ভাব্য সময় ২৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ। এরপর মার্চ-এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আয়োজন আছে। আগামী বছরের শুরুটা আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে মুখর থাকবে বাংলাদেশ।এশিয়া কাপের আয়োজক দেশ বদলে যাওয়ার ব্যাপারটা নিয়ে আনুষ্ঠানিকভাবে এসিসি এখনো কোনো চিঠি দেয়নি বিসিবিকে। তবে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস কাল বিষয়টা নিশ্চিত করেছেন, ‘বিসিবির সভাপতি এসিসির সভা শেষে ঢাকায় ফিরে ব্যাপারটা জানিয়েছেন আমাদের। আশা করা যাচ্ছে, শিগগিরই এ ব্যাপারে ঘোষণা আসবে।’এটি হবে বাংলাদেশে টানা দ্বিতীয় এশিয়া কাপ। সব মিলিয়ে চতুর্থ। সর্বশেষ এশিয়া কাপ গত বছর হয়েছিল ঢাকায়। ওই টুর্নামেন্ট বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল একটি মাইলফলক। ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরে যায় মাত্র ২ রানে।