আগামী বছর অবসর নেবেন মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণদের ভিড়ে জাতীয় দলে ঠাঁই দিচ্ছেন না নির্বাচকেরা। এভাবে চলতে থাকলে আগামী বছরের শেষের দিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের মিসবাহ-উল-হক।২০০১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মিসবাহর। ওয়ানডে ক্রিকেটে অভিষেকও নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০০২ সালে। কিন্তু ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত বেশির ভাগ সময় তাঁকে কাটাতে হয়েছে মাঠের বাইরে। মারমুখী ব্যাটিং করে নির্বাচকদের দৃষ্টি কাড়েন তিনি। ফর্ম হারিয়ে ফেললে ২০০৯ সালে আবারও দল থেকে বাদ পড়তে হয় তাঁকে। তরুণদের ভিড় আর নির্বাচকদের অনাস্থার কারণে দলে ফেরা কঠিন দেখে হতাশায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মিসবাহ।নিজের ভাগ্যকে মেনে নিয়ে গতকাল মঙ্গলবার ক্রিকইনফোকে মিসবাহ বলেন, ‘আমি জানি, ভাগ্য আমার সহায় হচ্ছে না। তরুণেরা দলে ঠাঁই পাচ্ছে। একজন ক্রিকেটার হিসেবে এটা আমাকে কষ্ট দেয়। বুঝতে পারছি, একদিন বিদায়ের সিদ্ধান্ত নিতেই হবে।’ এরপর মিসবাহ যোগ করেন, ‘গত এক বছরে আমার পারফরম্যান্সে খুব একটা উন্নতি হয়নি সত্যি। কিন্তু খেলার প্রতি অনুরাগের কমতি নেই আমার। দলে জায়গা না পাওয়ায় আগামী বছরের শেষের দিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ বিদায়ের আগে বিশ্বকাপে অংশ নেওয়ার আগ্রহের কথাও জানিয়েছেন মিসবাহ, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে ২০১১ সালের বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ চাচ্ছি আমি। এটা আমার ক্যারিয়ারের সেরা প্রাপ্তি হয়ে থাকবে। তার পরও দলে জায়গা না হলে ঘরোয়া ক্রিকেট খেলে যাব।’