আগামী বছর সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু তৈরি করা হচ্ছে, তারই সুবাদে আগামী বছরের জুলাইয়ে কিছু ম্যাচ হবে এখানে। পাশাপাশি প্রতিবছর বয়সভিত্তিক যে তিনটি লিগ হয়, এর একটি ভবিষ্যতে সিলেটে হবে। সিলেটে ক্রিকেট কমপ্লেক্স, ইনডোর স্টেডিয়াম নির্মাণ, প্রেসবক্স, বিভিন্ন অবকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যে ৬৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।কাল বিকেলে নগরের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ‘ক্রিকেট উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। ঢাকার বাইরে এই প্রথম কোনো বিভাগীয় শহরে বিসিবি এ ধরনের মতবিনিময় সভা করল। বিসিবি কর্মকর্তারা বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামের পর সিলেট হবে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু। এটি হবে লর্ডসের সমপর্যায়ের। সিলেটের মতো প্রাকৃতিক পরিবেশ দেশের আর কোথাও নেই।’বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।অর্থমন্ত্রী বলেন, ‘সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট হোক, এটা এ অঞ্চলের মানুষের বহুদিনের দাবি। খুশির কথা, আমরা একটা গন্তব্যে পৌঁছেছি।’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কথা, ‘খুব দ্রুতই সিলেটে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। সিলেটে ক্রিকেটের উন্নয়নে ৬৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০১৩ সালের জুন মাসের মধ্যে ৩৬ কোটি টাকা ব্যয়ে সিলেট ক্রীড়া কমপ্লেক্স, ২০ কোটি টাকায় মহিলা ক্রীড়া কমপ্লেক্স ও ১৫ কোটি টাকায় হবিগঞ্জ জেলা স্টেডিয়াম নির্মাণ করা হবে।’বিসিবির প্রধান বলেন, ‘শুধু আন্তর্জাতিক খেলাই নয়, সিলেট থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে চাই।’