আগামী বছরই শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন মৃতপ্রায় টুর্নামেন্ট। দর্শক-স্পন্সর-দল-ক্রিকেটার, খুব বেশি আগ্রহ নেই কারও। সামনে ‘প্রায়’ শব্দটি উঠে একেবারেই ‘মৃত’ হয়ে যাচ্ছে আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় টুর্নামেন্টটি। এটিই হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসর। ২০১৫ সাল থেকে ক্রিকেটের প্রতিটি ফরম্যাটের জন্য একটি করে বিশ্ব প্রতিযোগিতা রাখতে চায় আইসিসি। ৫০ ওভারের ক্রিকেটের জন্য তাই শুধুই থাকছে বিশ্বকাপ।১৯৯৮ সালে আইসিসি নকআউট টুর্নামেন্ট নামে এই টুর্নামেন্টের যাত্রা শুরু বাংলাদেশে। ২০০২ থেকে নকআউটের পরিবর্তে চালু হয় ‘রাউন্ড রবিন’ ফরম্যাট। ২০০৬ পর্যন্ত দুই বছর পরপর হয়েছে এই টুর্নামেন্ট। এরপর ২০০৮-এর টুর্নামেন্ট হয়েছে ২০০৯-এ। সপ্তম আসর বসছে আগামী বছর। আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় এরপর আর এই টুর্নামেন্টের অস্তিত্ব নেই। বরং ২০১৭ সালের জুন থেকে আছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লে-অফের সূচি, যেটিতে খেলবে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল।আইসিসি নির্বাহী বোর্ডের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হারুন লরগাত, ‘ভবিষ্যতে সূচিতে না রাখা মানে ভবিষ্যতে এই টুর্নামেন্টের পরিকল্পনা নেই। আগেও বলেছি, প্রতিটি ফরম্যাটের জন্য আমরা একটি চ্যাম্পিয়নশিপ চাই। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। ৫০ ওভারের বিশ্বকাপ তো আছেই। আছে বিশ্ব টি-টোয়েন্টি। ভবিষ্যতে চ্যাম্পিয়ন্স ট্রফি করার ইচ্ছে তাই আইসিসির নেই।’ ওয়েবসাইট।