আগামী বিশ্বকাপেই গোললাইন প্রযুক্তি!
গোলরক্ষক পরাস্ত। বল পড়েছে ঠিক গোললাইনের ওপর। টেলিভিশনের পর্দায় পরিষ্কার দেখা যাচ্ছে, বল পেরিয়ে গেছে ওই সাদা রেখাটি; কিন্তু রেফারি গোলের বাঁশি না বাজিয়ে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। কারণ, প্রযুক্তির কাছে তাঁর সহায়তা চাওয়ার কোনো উপায় নেই। ফুটবলের আইনেই যে প্রযুক্তির সহায়তা নেওয়ার কোনো ধারা নেই। রেফারির সেই সিদ্ধান্তে হয়তো বরবাদ হয়ে গেল কোনো দলের স্বপ্ন। ফল—বিতর্ক আর আলোচনা-সমালোচনার ঝড়।দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপেও এমনই একটি ঘটনা বিতর্কের ঝড় তুলেছিল বিশ্বময়। জার্মানি ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় রাউন্ডের ম্যাচটিতে ইংল্যান্ডের এমনই একটি গোলে প্রযুক্তির অভাবে বাঁশি বাজাতে পারেননি রেফারি। সেই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। মূলত ওই ঘটনার পরই ফুটবলে গোললাইন প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে।ফিফা অনেকবার বলেছে, ফুটবলে গোললাইন প্রযুক্তির ব্যবহারে তারা যথেষ্ট উৎসাহী নয়। টেনিস ও ক্রিকেটে এ প্রযুক্তি ব্যবহূত হলেও ফিফা অনেকবারই পরিষ্কার করেছে টেনিস কিংবা ক্রিকেটের সঙ্গে ফুটবলের গুণগত পার্থক্যের কথা। তবে এটা নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দাবিদাওয়ার পরিমাণটা এত বেশি যে ফিফা বাধ্যই হয়েছে ব্যাপারটি নিয়ে ভেবে দেখতে।আগামী বছরের মার্চের মধ্যেই নাকি এ নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছে ফিফা। ফিফা এখন পরীক্ষা করে দেখছে এর প্রযুক্তিগত ক্ষিপ্রতা। সেই সঙ্গে এর অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাইয়েরও প্রয়োজন রয়েছে। সবকিছু পরীক্ষা করে সন্তুষ্ট হলে যথেষ্টই সম্ভাবনা রয়েছে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে গোললাইন প্রযুক্তি ব্যবহূত হবে।‘আমরা এখন ব্যাপারটির বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখছি। আশা করছি, সবকিছু বিবেচনায় নিয়ে আগামী মার্চের মধ্যে এটা নিয়ে একটা সিদ্ধান্তে আসা যাবে।’ বলেছেন ব্লাটার।ব্লাটারের মতে, সিদ্ধান্ত হয়ে গেলে আগামী বিশ্বকাপেই গোললাইন প্রযুক্তি ব্যবহূত হবে।সে ক্ষেত্রে ফুটবল মাঠে দুই গোলপোস্টের পেছনে দুজন অতিরিক্ত লাইন্সম্যানকে দায়িত্ব পালন করতে দেখা যাবে। তবে এ ব্যাপারটিও এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন সেপ ব্লাটার। ওয়েবসাইট।