আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার কারণে আদালতের দেওয়া চার সপ্তাহের নিষেধাজ্ঞায় আপাতত হচ্ছে না পাকিস্তান সফর। বিসিবিও আদালতের নিষেধাজ্ঞার জবাবে কোনো আপিল করবে না। ওদিকে আগস্টের জিম্বাবুয়ে সফরও গেছে পিছিয়ে। তার মানে আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় ছয় মাসের জন্য ‘ছুটি’ হয়ে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের আর কোনো আন্তর্জাতিক ব্যস্ততা নেই।তবে বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল কাল আশার কথা শোনালেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে চলমান আলোচনা ফলপ্রসূ হলে আগামী মাসেই হয়তো ব্যস্ত হয়ে উঠবে বাংলাদেশ দল। বিসিবির সভাপতি কাল বলেছেন, ‘দুবাইয়ে আইসিসির সভার সময় ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। সব ঠিকঠাক থাকলে মে মাসের প্রথম সপ্তাহেই আমরা দক্ষিণ আফ্রিকা যেতে পারি। নয়তো মে মাসের মাঝামাঝি দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে দেশেই হতে পারে একটা তিন জাতি সিরিজ।’ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তাবিত দক্ষিণ আফিকা সফরসূচিতে রাখা হয়েছে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ ও তিনটি ওয়ানডে।এফটিপির বাইরে বড় দলগুলো বাংলাদেশ দলের সঙ্গে খেলতে চায় না। সম্ভাব্য দক্ষিণ আফ্রিকা সফর সে কারণেই শর্ত সাপেক্ষে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় গেলে সব খরচ বিসিবিই বহন করবে বলে জানিয়েছেন মুস্তফা কামাল। আর দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে এলে তাদের সব খরচ বহন করবে বিসিবি। এর আগে জুলাইয়ে আয়ারল্যান্ড সফরের কথা থাকলেও বোর্ড সভাপতি যে আভাস দিয়েছেন, তাতে সেটির সম্ভাবনা আপাতত নেই। বিসিবির খরচে আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ মহিলা দল। কিন্তু সংগত কারণেই টেস্ট খেলুড়ে নয়, এমন কোনো দেশে নিজেদের খরচে জাতীয় দল পাঠাতে রাজি নন তিনি। যদিও বোর্ডের একটি সূত্র জানিয়েছে, মেয়েদের দল বিসিবির খরচে গেলেও ছেলেদের দল আয়ারল্যান্ডে গেলে শুধু বিমান ভাড়াটাই বহন করতে হতো বিসিবিকে।