আগামী মাসেই চূড়ান্ত রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়ের সারাৎসার জানিয়ে দেওয়া হয়েছিল গত ২৬ ফেব্রুয়ারি। সঙ্গে সপ্তাহ দুয়েকের মধ্যে পূর্ণাঙ্গ রায় প্রদানের ঘোষণাও। পরে জানা গেল, অপেক্ষা করতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত। বিশ্বকাপের পর পেরিয়ে গেছে তিন সপ্তাহ। এখনো বিপিএল ফিক্সিংয়ের বিস্তারিত রায়ের অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট।
কাল একটি সূত্রে জানা গেল, সাবেক বিচারপতি খাদেমুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল পূর্ণাঙ্গ রায় ঘোষণা করবেন আগামী মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। বিস্তারিত রায় ঘোষণার আগে অভিযোগ স্বীকার করা তিন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, কৌশল লোকুয়ারাচ্চি ও লু ভিনসেন্টের শাস্তি নির্ধারণ করতে শুনানি হবে।
বিপিএল ফিক্সিংয়ের তদন্ত ও বিচার হয়েছে মূলত মোহাম্মদ আশরাফুলের জবানবন্দির ভিত্তিতে। অপরাধ স্বীকার করা তিনজনেরই শাস্তি পাওয়া অবধারিত। আশরাফুলের ক্ষেত্রে সেটি সর্বনিম্ন পাঁচ বছর থেকে সর্বোচ্চ আজীবন বহিষ্কারাদেশ পর্যন্ত হতে পারে। তথ্য গোপনের অপরাধে অপরাধী লোকুয়ারাচ্চি ও লু ভিনসেন্টের ক্ষেত্রে যেটি সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞা। ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীর ফিক্সিংয়ে সম্পৃক্ততার ব্যাপারেও নিঃসন্দেহ হয়েছেন ট্রাইব্যুনাল। শাস্তি পেতে হবে তাঁকেও। রায় ঘোষণার ২১ দিনের মধ্যে এর বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে দুই পক্ষেরই। অভিযোগের বিবরণ, সব পক্ষের বক্তব্য, এ জাতীয় অন্যান্য ট্রাইব্যুনালের উদাহরণ, শাস্তির ধরন ইত্যাদি মিলিয়ে রায়টা প্রায় ১২৫ পৃষ্ঠার কাছাকাছি হবে বলে জানিয়েছে সূত্র।
পূর্ণাঙ্গ রায় ঘোষণায় দেরি হওয়ার একটা বড় কারণ, শিহাব চৌধুরীকে ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ থেকে মুক্তি দেওয়ার বিরুদ্ধে আকসু ও আইসিসির আপত্তি। শিহাবের বিরুদ্ধে তিনটি অভিযোগ থাকলেও সংক্ষিপ্ত রায়ে তাঁকে দোষী বলা হয়েছে কেবল চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে। দ্বিতীয় বিপিএলে বরিশালের বিপক্ষে ম্যাচ এবং ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। সঙ্গে ট্রাইব্যুনাল এ-ও জানিয়ে দেন যে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টির স্পট ফিক্সিংয়ের বিচারকাজ তাঁদের আওতার মধ্যে নেই। আকসু ও আইসিসি সেটা নিয়ে আপত্তি তুললে ট্রাইব্যুনাল তাদের আনুষ্ঠানিক বক্তব্য জানাতে বলেন। সেটি হাতে পাওয়ার পর ট্রাইব্যুনাল এখন এর গ্রহণযোগ্যতা বিবেচনা করে দেখছেন।
এদিকে কাল ঢাকা গ্ল্যাডিয়েটরসের দুই ক্রিকেটার মোশাররফ হোসেন ও মাহবুবুল আলমের ওপর থাকা ক্রিকেট খেলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিসিবি। এর আগে সংক্ষিপ্ত রায়ে দুজনকে নির্দোষ বলে ঘোষণা করে ক্রিকেট খেলতে তাঁদের কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন ট্রাইব্যুনাল। বিসিবি অবশ্য অপেক্ষা করার নীতি নেয়। কারণ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত একরকম জানিয়েই দিয়েছিল তারা। সংক্ষিপ্ত রায়ের পর বিসিবির সঙ্গে যৌথ বিবৃতিতে আইসিসিও সেই ইঙ্গিত দিয়ে রেখেছে।
কয়েক দিন আগে মোশাররফ-মাহবুবুল বিসিবির কাছে লিখিতভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানান। সেটারই ধারাবাহিকতায় কালকের সিদ্ধান্ত। এ ব্যাপারে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘ভবিষ্যতে বিসিবি আয়োজিত যেসব টুর্নামেন্ট হবে, তারা সেগুলোতে অংশ নিতে পারবেন। আইনি পরামর্শের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তাঁরা এখন যেকোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন।’
এর আগে আপিলের কথা বলা হলেও তার আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে নিজাম উদ্দিন বলেছেন, ‘সংক্ষিপ্ত রায় পেয়েছি। বিস্তারিত রায় পেলে আমরা পরবর্তী কার্যক্রম ঠিক করতে পারতাম। যেহেতু প্রক্রিয়াটা শেষ হতে দেরি হচ্ছে এবং এই দুই খেলোয়াড়ের ব্যাপারে একটা রায় এসেছে, খেলোয়াড়দের খেলায় অংশ নেওয়াটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমরা তাই আইনি পরামর্শ নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।’
ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর আশা, শিগগিরই পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাবেন। পরবর্তী ব্যবস্থা নেবেন এরপর। সেটি কী, তা তো পরিষ্কারই। আপিল করা হবে এই রায়ের বিরুদ্ধে। তার মানে পূর্ণাঙ্গ রায় ঘোষণার পরই শেষ হয়ে যাচ্ছে না দ্বিতীয় বিপিএলের ফিক্সিং বিতর্ক। তবে মোশাররফ-মাহবুবুলের অধ্যায় সম্ভবত এখানেই শেষ। কারণ বিসিবিও একরকম নিশ্চিত, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলেও সেটার শাস্তি বহিষ্কারাদেশের মতো বড় কিছু হবে না।