আগামীকালই অভিষেক বেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদের অনুশীলনে গ্যারেথ বেল আর ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের সবচেয়ে দামি দুই খেলোয়াড়কে মাঠের লড়াইয়েও হয়তো দ্রুতই দেখা যাবে। ছবি: রয়টার্স
রিয়াল মাদ্রিদের অনুশীলনে গ্যারেথ বেল আর ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের সবচেয়ে দামি দুই খেলোয়াড়কে মাঠের লড়াইয়েও হয়তো দ্রুতই দেখা যাবে। ছবি: রয়টার্স

মাত্র কয়েক মাস আগেও গ্যারেথ বেল ছিলেন শুধুই একজন প্রতিভাবান তারকা ফুটবলার। সক্ষমতার প্রমাণ দিয়ে গত মৌসুমে জিতেছিলেন ইংলিশ ফুটবলের তরুণ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। তবে সেটা হইচই ফেলে দেওয়ার মতো কিছু ছিল না নিঃসন্দেহে। কিন্তু এখন ওয়েলসের এই উইঙ্গারই কেড়ে নিয়েছেন পুরো ফুটবলজগতের মনোযোগ। তিনিই যে এখন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। ‘হানড্র্রেড মিলিয়ন ম্যান’। ১০০ মিলিয়ন ইউরো খরচ করে বেলকে দলে ভেড়ানোর জন্য সমালোচনাও সহ্য করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। সেসব সমালোচনার জবাবটা মাঠেই দিতে হবে বেলকে। সেই সুযোগটা হয়তো আগামীকালই পেয়ে যাবেন রিয়ালের নতুন ‘১১ নম্বর’। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল ভিলারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচেই অভিষেকটা হয়ে যাবে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের।

এবারের মৌসুমে খুব বেশি মাঠে নামার সুযোগ পাননি বেল। গত মঙ্গলবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন শুধু শেষ আধা ঘণ্টা। স্পেনে ফিরেই অবশ্য নেমে পড়েছিলেন রিয়াল মাদ্রিদের অনুশীলনে। সেখানে নিশ্চয়ই খুশি করতে পেরেছেন কোচ আনচেলত্তিকে। প্রাক-মৌসুম প্রস্তুতিটা ভালো না হলেও বেলের শারীরিক অবস্থা বেশ ভালোই আছে বলে জানিয়েছেন রিয়ালের এই ইতালিয়ান কোচ, ‘আগামীকাল সে দলের সঙ্গে যাবে আর খেলবে। প্রথম একাদশেই বেলকে নামানো হবে কি না, সেটা এখনো জানি না। তবে ম্যাচের কিছু সময় সে অবশ্যই খেলবে। আমার মনে হয় এখন তাকে দলের বাইরে রাখার সঠিক সময় না।’ রিয়ালের জার্সি গায়ে অভিষেকের জন্য বেল অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেই জানিয়েছেন আনচেলত্তি।
বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে তো বটেই, জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল আর্সেনালে পাড়ি জমানোয় বেলের ওপর বাড়তি প্রত্যাশাও হয়তো থাকবে রিয়াল সমর্থকদের। বেল প্রতিদান দিতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।— রয়টার্স