আগামীকালই রিয়ালে বেল?

এত দিন রেকর্ডটা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০০৯ সালে আট কোটি পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে যোগ দিয়েছিলেন এই পর্তুগিজ। কিন্তু চার বছর পর ওয়েলসের এক ফুটবলারের কাছে হেরে যাচ্ছেন এই তারকা। গ্যারেথ বেলকে আরও ৬০ লাখ পাউন্ড বেশি দিয়ে টটেনহাম থেকে উড়িয়ে নিচ্ছে ওই রিয়ালই।
বেলের মাদ্রিদ আগমন প্রায় নিশ্চিত। রিয়াল তাঁর জন্য আট কোটি ৬০ লাখ পাউন্ডের প্রস্তাব দিয়ে দেওয়ায় টটেনহাম তাঁর ছাড়পত্রটি দিয়ে দিতে চায় যতটা দ্রুত সম্ভব। ট্রান্সফার ফির অঙ্কটা এমন হওয়ার পর কোন দলই বা কালক্ষেপণ করতে চায়! খুব সম্ভব বেলের রিয়ালে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যাচ্ছে কাল বুধবার।
বেলকে রিয়ালে বেচে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তটি টটেনহাম কর্তৃপক্ষ নিয়ে ফেলেছে রোববারই। ক্লাব সভাপতি ড্যানিয়েল লেভিই এ ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বেলের এজেন্ট জোনাথন বার্নেট ও ক্লাবের ফুটবল পরিচালক ফ্র্যাঙ্কো বালদিনির সঙ্গে আলাপ করে তিনি প্রস্তাবটি তুলেছিলেন ক্লাবের পরিচালনা পর্ষদে। সেখানেই বেলের ভাগ্য নিষ্পত্তি হয়ে যায় খুব দ্রুত।
হোয়াইটহার্ট লেনের টটেনহাম সদর দপ্তরে বেলকে নিয়ে এত কিছু হয়ে গেল, আর তা নাকি জানেনই না কোচ আন্দ্রেস ভিয়াস-বোয়াস। টটেনহাম কোচ বেলকে নিয়ে ঘটে চলা ঘটনাপ্রবাহে নাকি কিছুটা বিস্ময়ই প্রকাশ করেছেন। রোববার সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচের পর সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘রিয়াল তো অনেক দিন ধরেই বেলের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আসছিল। এসব নিয়ে ক্লাব কর্মকর্তারা আলাপ-আলোচনা করছিলেন। এখন তাঁকে নিয়ে চূড়ান্ত কী হলো, সেই আগ্রহ তো আমারও। আমিও জানতে চাই, ক্লাব সত্যি সত্যিই বেলকে ছেড়ে দিচ্ছে কি না।’
চোটের কারণে এই মৌসুমে এখনো মাঠের বাইরেই আছেন বেল। তবে এরই মধ্যে মাদ্রিদ ঘুরে এসেছেন তিনি। বার্নাব্যুতে বসে তিনি দেনা-পাওনার বিষয়ে আলাপ-আলোচনা সেরেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে। আপাতত লন্ডনে ফিরে গেলেও কয়েক দিনের মধ্যে আবার মাদ্রিদ উড়ে যাবেন তিনি। সূত্র: ওয়েবসাইট