আগাসির চোখে ফেদেরারই সেরা

ক্ষেত্র যা-ই হোক, সর্বকালের সেরা নিয়ে বিতর্কটা নিরন্তর। তবে ওই আঙিনার কোনো মহিরুহ যখন কোনো রায় দেন, সেটিকে বাড়তি গুরুত্ব দিতেই হয়। আন্দ্রে আগাসি যেমন সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় বলছেন রজার ফেদেরারকে। টেনিসের সর্বকালের সেরা বিতর্কে ফেদেরারের পাশাপাশি বা সবচেয়ে কাছাকাছি থাকে পিট সাম্প্রাসের নাম। কিন্তু আগাসির মতে, সাম্প্রাসের চেয়ে অনেকটাই এগিয়ে ফেদেরার!
শুধু নিজে টেনিস ‘গ্রেট’ বলেই নন, আগাসির মতামতকে বাড়তি গুরুত্ব দিতে হবে আরেকটা কারণেও। সাম্প্রাসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনিই। টেনিস-বিশ্বের সব প্রান্তে, সব ধরনের কোর্টে মুখোমুখি হয়েছেন দুজন, ক্যারিয়ারজুড়ে উপহার দিয়েছেন দারুণ সব দ্বৈরথ। স্বদেশি সাম্প্রাসকে তাই খুব কাছ থেকেই দেখেছেন আগাসি, খুব ভালো করেই জানেন তাঁর শক্তি আর দুর্বলতা। আর বিশ্ব টেনিসে ফেদেরার-রাজত্বের যখন শুরু, আগাসি তখন বিদায় নিয়েছেন। তবে টিভিতে বা গ্যালারিতে বসে কাছ থেকেই দেখেছেন ফেদেরারকেও। সেই অভিজ্ঞতা আর দেখা থেকেই নিজের উপলব্ধির কথা আগাসি জানিয়েছেন ভিডিও স্ট্রিমিং নেটওয়ার্ক হাফপোস্ট লাইভকে।
এমনিতে ফেদেরার-সাম্প্রাস বিতর্কে ফেদেরারকে এগিয়ে রাখা লোকের সংখ্যাই হয়তো বেশি হবে। তবে একজনকে বাছতে গিয়ে গলদঘর্ম হতে হয় প্রায় সবাইকে। আগাসি সেখানে ফেদেরারকে ‘অনেকটা এগিয়ে’ রেখেছেন বলেই কৌতূহল জাগছে বেশি। ব্যাখ্যাটাও অবশ্য দিয়েছেন আগাসি, ‘সত্যি বলতে, আমি মনে করি ফেদেরার অনেকটাই এগিয়ে। এমন একজনের কথা আমি বলছি, যে কিনা স্রেফ ক্লে কোর্টে একজনকে ছাড়া (নাদাল) আর সব ধরনের কোর্টে, সবার বিপক্ষে কর্তৃত্ব দেখিয়েছে। দ্রুতগতির কোর্টে পিট অবশ্যই অসাধারণ ছিল, কিন্তু ক্লে মৌসুমে সবাই ওর বিপক্ষে খেলতে চাইত। ওটাই ছিল ওর বিপক্ষে জয়ের সুযোগ, ওকে হারানোর সুযোগ। ফেডের বিপক্ষে সেই বিলাসিতার সুযোগ নেই। ও একজন সম্পূর্ণ খেলোয়াড়।’
পরিসংখ্যানে সাম্প্রাসকে অনেক আগেই ছাড়িয়েছেন ফেদেরার। আগাসির দাবির পক্ষে যুক্তি হিসেবে তবু আরেকবার পরিসংখ্যানের আশ্রয় নেওয়া যায়। সাম্প্রাসের জয়ের হার হার্ড কোর্ট (শতকরা ৮০.৪) ও ঘাসের কোর্টের (৮৩.৫) চেয়ে ক্লে কোর্টে (৬.২৫) অনেকটাই মলিন। ১৪টি গ্র্যান্ড স্লামজয়ী মার্কিন তারকা কখনোই ফ্রেঞ্চ ওপেন জয়ের স্বাদ পাননি। বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লে কোর্টের শিরোপাও মাত্র ৩টি। সাম্প্রাসের চেয়ে সব কোর্টেই জয়ের হার বেশি ফেদেরারের, আলাদা করে বলা যায় ক্লে কোর্টে জয়ের হারের কথা (৭৬.৬)। একবার রোলাঁ গারোঁয় ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন ফেদেরার, ক্লে শিরোপা আছে আরও ৯টি। সাম্প্রাসের ক্যারিয়ার শিরোপা ৬৪, ফেদেরারের ৭৭। সাম্প্রাসের ২৮৬ সপ্তাহ র্যাঙ্কিং শীর্ষে থাকার রেকর্ডও গত বছর ছাড়িয়ে গেছেন ফেদেরার। আগাসি যেমন বলেছেন, শুধু একজন অতিমানবের কারণেই ক্লে কোর্টেও রাজত্ব করতে পারেননি ফেদেরার। চার-চারবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল হেরেছেন নাদালের কাছে!
বেশির ভাগের কাছেই সেরার বিতর্কটা সীমাবদ্ধ ফেদেরার-সাম্প্রাসে। তবে আগাসি কিন্তু খুব পিছিয়ে রাখতে চান না নাদালকেও। বলছেন সেরা বিতর্কে অনায়াসেই আসতে পারে নাদালের নাম, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি সর্বকালের সেরার লড়াইয়ে নাদালও থাকবে। একটি টেবিলে নাদাল যদি ফেদেরারের সঙ্গে বসে থাকে আর ফেদেরার বলে, “আমি সর্বকালের সেরা”; নাদাল প্রশ্ন করতেই পারে, “তাহলে আমাকে কেন তুমি হারাতে পারোনি? তুমি আমাকে যতবার হারিয়েছ, আমি তোমাকে তার দ্বিগুণবার হারিয়েছি। আর জানোই তো, আমি অলিম্পিক সোনা ও ডেভিস কাপও জিতেছি।”’
ফেদেরার-নাদাল মুখোমুখি লড়াইয়ে নাদাল এগিয়ে ২১-১০-এ। দুজনের বর্তমান ফর্ম যেমন দ্বিমুখী, তাতে এই ব্যবধান বাড়া বৈ কমার সম্ভাবনা নেই বললেই চলে। ক্লে কোর্টে অপ্রতিরোধ্য হওয়ায় নাদালের অন্য সাফল্যগুলো যেন অনেকটাই আড়ালে পড়ে থাকে। অথচ গ্র্যান্ড স্লাম শিরোপায় সাম্প্রাসকে ছুঁতে নাদালের চাই আর মাত্র একটি ট্রফি! স্বাদ পেয়েছেন চারটি গ্র্যান্ড স্লাম জয়েরও। তবে শেষ পর্যন্ত ফেদেরারই যে সেরা, সেটাও আরেকবার বলেছেন আগাসি, ‘ফেদেরার আর সবার থেকে নিজেকে আলাদা করে নিয়েছে আসলে নির্দিষ্ট কয়েকটি বছরে। এমন কিছু করেছে, যা আর কেউ করতে পারেনি। সেগুলোও করেছে দারুণ ধারাবাহিকভাবে।’
যুক্তি তো সবই দেখানো হলো, কিন্তু এই বিতর্কে আগাসির অবস্থান কোথায়? আটটি গ্র্যান্ড স্লামজয়ী এখানেও পরিষ্কার নিজের কাছে, ‘আমি ওদের ধারেকাছেও নেই। তালিকায় আমি থাকব অনেক নিচে।’ ওয়েবসাইট।