আগাসির বউভক্তি!

আন্দ্রে আগাসির কাছে জানতে চাওয়া হয়েছিল, মেয়েদের টেনিসে সর্বকালের সেরা কে? কোনো দ্বিধায় না গিয়ে সোজাসাপটা তিনি জানিয়েছেন, ‘কেন, আমার স্ত্রী!’ প্রশ্নকর্তা হতচকিয়ে গেলেও পরক্ষণেই তাঁর সংবিত্ ফিরেছে। তাই তো! আগাসির স্ত্রী স্টেফি গ্রাফের ধারেকাছে কি কেউ আছে!
সেরেনা উইলিয়ামসের ভক্তরা হয়তো আগাসির দিকে একটু বাঁকা চোখেই তাকাচ্ছেন। কিন্তু তাতে সমস্যা নেই সাবেক মার্কিন টেনিস তারকার। সেরেনাকে প্রশংসায় ভাসালেও এগিয়ে রাখছেন তিনি তাঁর স্ত্রী স্টেফি গ্রাফকেই। প্রতিটি গ্র্যান্ড স্লামই অন্তত চারবার করে জিতেছেন এই নারী টেনিস তারকা। আশির দশকে ‘একমেবাদ্বিতীয়ম’ স্টেফি নব্বইয়ের মাঝামাঝি পর্যন্ত ধরে রেখেছিলেন তাঁর রাজত্ব। সব মিলিয়ে জিতেছেন ২২টি একক গ্র্যান্ড স্লাম শিরোপা। নিছক বউয়ের প্রতি ভক্তি থেকেই শুধু এমনটা বলছেন না আগাসি। যুক্তিও আছে তাঁর কথায়।
ইঙ্গিতে আগাসি বুঝিয়ে দিয়েছেন, সেরেনা এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বীহীন হলেও স্টেফির কাছে পৌঁছাতে তাঁকে আরও পথ পাড়ি দিতে হবে। তবে এক যুগের সঙ্গে অন্য যুগের তুলনায় বিশ্বাসীও নন তিনি। তাই নিজের সময়ের খেলোয়াড়দের সঙ্গে এখনকার রাফায়েল নাদাল কিংবা রজার ফেদেরারকে তুলনা করতে চান না, ‘যে যে যার যার সময়ে সেরা। তুলনা করাটা বোকামি। পিট সাম্প্রাস বা বরিস বেকারের সঙ্গে নাদাল বা জোকোভিচের তুলনা ঠিক নয়। যেমনটা উচিত নয় আমাদের সঙ্গে আমাদের পূর্ববর্তী জন ম্যাকেনরো কিংবা জিমি কনোর্সের তুলনা করা।’
তবে ছেলেদের সর্বকালের সেরা হিসেবে যে রজার ফেদেরার কিংবা রড লেভারের মধ্য থেকেই বেছে নিতে হবে, এ নিয়ে কোনো সংশয় নেই তাঁর মনে। নিজেকে এই দৌড়ে রাখতে একেবারেই রাজি নন বউয়ের চেয়ে ঠিক অর্ধেক একক গ্র্যান্ড স্লাম জেতা আগাসি।
চিরপ্রতিদ্বন্দ্বী পিট সাম্প্রাস চিরদিনই মুগ্ধ করেছে আগাসিকে। বলেছেন, ‘ওর কথা ভাবলেই একটা ছবি চোখের সামনে ভেসে ওঠে। কোর্টে আমার পাশে পিট দাঁড়িয়ে, ওর হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফিটা আর আমার হাতে রানার্সআপ প্লেট। ওর বিপক্ষে জেতা বা হারা কখনোই আমার হাতে ছিল না।’ সূত্র: ওয়েবসাইট।