আগুন ঝরাবেন পেসাররাও!
উপমহাদেশ। মরা উইকেট। ব্যাটসম্যানদের স্বর্গ। স্পিনারদের রাজত্ব।কিছুদিন ধরে আলোচনায় আসছে এ কথাগুলোই। ফাস্ট বোলারদের জন্য কি তবে এই বিশ্বকাপ পার্শ্বনায়ক হয়ে সান্ত্বনা খোঁজার? বাবুরাম সাপুড়ের নির্বিষ সাপ বনে যাওয়ার!ডেল স্টেইন, শন টেইট, ব্রেট লিদের হতাশ হওয়ার কিছু নেই। আগুন ঝরাতে পারবেন তাঁরাও। অনুপ্রেরণা নিতে পারেন ক্রেইগ ম্যাকডারমটের কাছ থেকে। অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার ১৯৮৭ বিশ্বকাপে উপমহাদেশের প্রাণহীন উইকেটেও আগুন ঝরিয়েছিলেন। ১৮ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা বোলার। এই বিশ্বকাপ তাই জহির খান, লাসিথ মালিঙ্গা, জেমস অ্যান্ডারসন, উমর গুলদের নায়ক হওয়ার মঞ্চও।ইনজুরি-প্রবণ দুই অস্ট্রেলীয় ফাস্ট বোলারকে একসঙ্গে কোনো বিশ্বকাপে জুটি বাঁধতে দেখা যাবে এই প্রথম। ২০০৩ বিশ্বকাপে ২২ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন লি। গত বিশ্বকাপে ২৩ উইকেট নেওয়া টেইট নজর কেড়েছিলেন সবার। তা ছাড়া লিকে দলে নেওয়ার আরেকটি বড় কারণ হিসেবে নির্বাচক গ্রেগ চ্যাপেল মন্তব্য করেছিলেন, ভারত সফর লি সব সময়ই উপভোগ করেন। এখানে তাঁর বিশাল ভক্তগোষ্ঠীও আছে।ভারতীয় কন্ডিশন স্টেইনের কাছেও অজানা নয়। ভারতে ৫ টেস্ট খেলে ২০.২৩ গড়ে নিয়েছেন ২৬ উইকেট। ২০০৮ আহমেদাবাদ টেস্টে নিয়েছিলেন ৮ উইকেট, গত বছর নাগপুর টেস্টে ১০টি। ভারতের বিপক্ষে নিজেদের মাঠে গত সিরিজেও স্টেইন ছিলেন টেন্ডুলকারদের জন্য আতঙ্ক।গতি, নিয়ন্ত্রিত সুইং, আক্রমণাত্মক মেজাজের স্টেইনের সঙ্গে জুটি গড়বেন মরনে মরকেল। ব্যাটসম্যানদের ওপর ক্রমাগত চাপ তৈরিতে সিদ্ধহস্ত।শুধু বিচিত্র চুল দিয়ে নয়, গত বিশ্বকাপে মালিঙ্গা ছিলেন তাঁর বর্ণিল অ্যাকশন নিয়েও। প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল হ্যাটট্রিক করেছিলেন। মাইনের মতো ভয়ংকর তাঁর একেকটি ইয়র্কার। ওই বিশ্বকাপে ১৮ উইকেট নেওয়া মালিঙ্গা এবার খেলবেন নিজের দেশে।গত অ্যাশেজে ইংল্যান্ডের শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন অ্যান্ডারসন। ৫ টেস্টে ২৪ উইকেট নিয়েছিলেন। গত চারটি বিশ্বকাপে ইংল্যান্ড হয়তো সেমিফাইনালে যেতে পারেনি, কিন্তু অ্যান্ডারসন এবার জ্বলে উঠলে জ্বলে উঠবে ইংল্যান্ডের আশাও। অ্যান্ডারসন সঙ্গী হিসেবে পাচ্ছেন স্টুয়ার্ট ব্রডকে। গত দক্ষিণ আফ্রিকা সফরে ধারাবাহিক ছিলেন জহির। ম্যাচের শুরুতেই ব্রেক থ্রু এনে দেওয়ার জন্য তাঁর যে সুনাম, ভারত সেটি দেখতে চাইবে এই বিশ্বকাপেও। গত বিশ্বকাপে বেশি কিছু করতে না পারায় নিশ্চয়ই হাত নিশপিশ করছে তাঁর।হাত নিশপিশ নিশ্চয়ই গুলেরও করছে। ২০০৭ বিশ্বকাপে দারুণ বল করছিলেন। ইকোনমি রেট ছিল মাত্র ৩.১৩। কিন্তু প্রথম রাউন্ডে বিদায়ের ধাক্কা। অবশ্য প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটির কিছুটা উশুল করেছিলেন সর্বোচ্চ উইকেট তুলে। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নিয়েছিলেন এক ম্যাচে। হাত মসকো ভালোই হয়েছে। এবার আসল মঞ্চে নামার অপেক্ষা।গত বিশ্বকাপে খেলা হয়নি শোয়েব আখতারের। হয়তো খেলা হতো না এবারও। কিন্তু ঠিকই ঠাঁই করে নিয়েছেন দলে। ২০০৩ বিশ্বকাপে ঘণ্টায় এক শ মাইল বেগে বল করা শোয়েব হয়তো নিজের সেরা ফর্মে নেই। কিন্তু আগুন ঝরাতে পারেন তিনিও। এএফপি।