আগুন নিয়ে খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোলিংয়ে আগুন ঝরান নিয়মিতই। তবে তাঁর বাড়িটি পড়েছিল সত্যিকারের আগুনের কবলে। কেপটাউনের একটি পাহাড়ি এলাকা যখন দাবানলে পুড়ছে, ১০ হাজার কিলোমিটারের বেশি দূরের ক্যানবেরায় স্টেইন তখন অগ্নিনির্বাপণ কর্মীর ফোন পেলেন, ‘আমাদের হাতে পাঁচ মিনিট সময় আছে, আমরা সবকিছু সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি।’ সে বাড়িতেই ছিল তাঁর এত দিনের অর্জনের সব স্মারক—বল, স্টাম্প, পোশাক। যেকোনো ক্রিকেটারের কাছেই এসব স্মারক অমূল্য! সেসব বাঁচাতে কিনা মাত্র ৫ মিনিট! স্টেইন তো আঁতকে উঠেছিলেন। নিজেই বলেছেন, ‘আমি জীবনে এর চেয়ে বেশি ভয় পাইনি।’ দমকলকর্মীরা শেষ পর্যন্ত স্টেইনের বাড়িটিকে রক্ষা করতে পেরেছেন। দক্ষিণ আফ্রিকান গতিতারকার মুখে তাই তাঁদের কাজের প্রশংসা, ‘অবশ্যই, দমকলবাহিনী অসাধারণ একটা কাজ করেছে। যেসব স্বেচ্ছাসেবী আমার জন্য জীবন বাজি রেখেছিলেন, তাঁদের অনেকের সঙ্গেই আমার আগে কখনো দেখা হয়নি! তাঁদের কাজ তো আগুনে ঝাঁপ দেওয়ার মতোই!’ স্টেইনের আগুনে পুড়ে খাক হন ব্যাটসম্যানরা, আর তাঁর বাড়িকে আগুন থেকে রক্ষা করে দমকলবাহিনী! এএফপি।