আগুনে জনসনে পুড়ে ছাই ইংল্যান্ড

১৭ নভেম্বর, মুম্বাই। অবসরের পরদিন শচীন টেন্ডুলকারের সংবাদ সম্মেলন। ক্রিকেট মহানায়কের মণিমুক্তাখচিত ক্যারিয়ারের স্মৃতিচারণা আর বিদায়ের আবহে একেবারে কিছুটা অপ্রাসঙ্গিকভাবেই ধেয়ে এল প্রশ্নটা—এবারের অ্যাশেজ কেমন হবে? কী মনে হচ্ছে?
‘খুবই উত্তেজনাপূর্ণ। মিচেল জনসন এখানে (ভারতে ওয়ানডে সিরিজে) যেমন বোলিং করেছে, তাতে মনে হচ্ছে খুব আকর্ষণীয় লড়াই হবে’— আর কারও নাম বললেন না, ফল নিয়ে কোনো পূর্বানুমানেও গেলেন না। শুধু বুঝিয়ে দিলেন, জনসনের দিকে আলাদা করে চোখ রাখতে হবে।
মাসখানেক আগে শেষ হওয়া ভারত সফরে খুব আহামরি কিছু করেননি জনসন। বোলারদের বধ্যভূমি হয়ে উঠেছিল যে সিরিজ, সেখানে আসলে কিছু করারও ছিল না। পাঁচটি ওয়ানডে খেলে উইকেট পেয়েছেন মাত্র ৭টি, রান দিয়েছিলেন ওভারপ্রতি প্রায় পৌনে ছয় করে। সেই জনসন যিনি এর আগের সাত মাস অস্ট্রেলিয়ার টেস্ট দলেই নেই! তবু টেন্ডুলকারের চোখে লেগেছিল তাঁকে! জহুরির চোখ হয়তো এমনই হয়।
টেন্ডুলকারের চোখ যে ভুল করেনি, সেটা প্রমাণ করতে একদমই সময় নিলেন না জনসন। গতির ঝড় তুলে উড়তে থাকা ইংল্যান্ডকে মাটিতে নামিয়ে আনলেন ব্রিসবেনে। টানা চার আশেজ সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে যাওয়া অ্যালিস্টার কুকের দল একটা বড় ধাক্কা খেল সিরিজের প্রথম টেস্টেই। সিকি শতাব্দী ধরে অস্ট্রেলিয়ান পতাকা তুলে ধরে রাখা গ্যাবার দুর্গ আরও একবার অজেয় রয়ে গেল সফরকারীদের কাছে। এই জনসনের কথাই কি বলছিলেন টেন্ডুলকার?
ভারতের বিপক্ষেই এ বছর মার্চে খেলার পর টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন বাজে ফর্মের কারণে। জুলাই-আগস্টে আগের অ্যাশেজে খেলতে পারেননি বলে হয়তো ভেতরে ভেতরে পুড়ছিলেন। সেই হতাশাই যেন আগুনের গোলা হয়ে বেরিয়ে এল এবার সুযোগ পাওয়ার পর। গড়ে প্রায় ৯০ মাইল গতিতে বল করে গেছেন দুই ইনিংসেই, লাইন লেন্থ ছিল অসম্ভব নিয়ন্ত্রিত, আর শরীরী ভাষায় কী সেই আগ্রাসন! ‘মভেম্বর’ প্রচারণার অংশ হিসেবে রাখা বাহারি গোঁফটা যেন সেই আগ্রাসনে এনে দিয়েছে নতুন মাত্রা। দ্বিতীয় ইনিংসে তিনি বল করার সময় ব্যাটসম্যানকে ঘিরে থাকা চার স্লিপ, দুই লেগ স্লিপ, সিলি মিড অফ আর শর্ট লেগের অস্ট্রেলিয়ার ফিল্ডিং যেন লিলি-টমসনের সেই সময়টাকেই ফিরিয়ে এনেছিল। সিডনি মর্নিং হেরাল্ড-এ তাই জনসন বন্দনা করতে গিয়ে লেখা হয়েছে, ‘ব্রিসবেনে সে ইয়ান চ্যাপেলের মতো ব্যাট করেছে, ডেনিস লিলির মতো বল করেছে আর খেটেছে মার্ভ হিউজের মতো।’
‘একের ভেতর তিন’ এই জনসনের দিকে তাই বাকি চার টেস্টেও তাকিয়ে থাকবে অস্ট্রেলিয়া। এটা আর টেন্ডুলকারকে বলে দিতে হবে না!