আগুনে পুড়ছেন আগুয়েরো
কষ্টের আগুনে পুড়ছেন সার্জিও আগুয়েরো। জিয়ান্নিনা তো শুধু একাই যাননি। সঙ্গে নিয়ে গেছেন আগুয়েরোর হূদয়ের একটা অংশকে। ছেলেকে ছাড়া থাকতে হবে, এটা ভাবতেই কষ্টে বুক ফেটে যাচ্ছে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকারের। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি নিয়ে এই প্রথম মুখ খুলেছেন। আর্জেন্টিনার একটি পত্রিকাকে আগুয়েরো বলেছেন, দুজনের এই আলাদা হয়ে যাওয়াটা হুট করে নয়। কয়েক মাস ধরেই এমন একটা ঝড়ের পূর্বাভাস ছিল।‘আমাদের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর গত কয়েক মাসে আমি জীবনের নতুন পর্যায়টির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এটা মোটেও সহজ কিছু ছিল না। কারণ জিয়ান্নির সঙ্গে মিলে আবেগময় কিছু সময় কাটিয়েছি। এ সময়টায় আমরা দুজন বড় হয়েও উঠছিলাম। আমাদের ভালোবাসার ফসল হিসেবে এসেছে বেন (বেঞ্জামিন)। এটা ছিল আশীর্বাদ। আমার কাছে সবচেয়ে কঠিন ছিল বেন থাকবে বুয়েনস এইরেসে, আর আমি অবশ্যই পেশাগত কারণে ম্যানচেস্টারে’—বিচ্ছেদের কারণ এভাবেই ব্যাখ্যা করেছেন আগুয়েরো।এই সময়েও মাঠে খেলে গেছেন। চোট থেকে সেরে ওঠে দ্রুত আবার মাঠে ফিরবেন বলেও জানিয়েছেন। ব্যক্তিগত শোকের ছায়া পেশাগত জীবনে পড়তে দেবেন না, ‘আমি চেষ্টা করব না পড়ুক। কারণ আপনি সব সময়ই চাইবেন যতটুকু সম্ভব পেশাদারি মনোভাব রাখা যায়। আমি মনে করি না এটা আমার পারফরম্যান্সে প্রভাব ফেলবে। তবে নিজের সন্তানের থেকে দূরে থাকা মোটেও সহজ কিছু নয়। বেনকে ছাড়া থাকা আমার জন্য অসম্ভব।’ ওয়েবসাইট।