আগুনে পুড়ে ছাই বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ার্নের মাঠের চেহারার ছাপ ডাগ-আউটে কোচের চেহারায়ও। হতাশ, ক্লান্ত, বিধ্বস্ত গার্দিওলা । এএফপি
বায়ার্নের মাঠের চেহারার ছাপ ডাগ-আউটে কোচের চেহারায়ও। হতাশ, ক্লান্ত, বিধ্বস্ত গার্দিওলা । এএফপি

মাদ্রিদের ক্রীড়া দৈনিক এএস তাদের ইংরেজি অনলাইন সংস্করণে শিরোনাম করেছে, ‘মিউনিখ পুড়ছে, ডাকছে লিসবন।’ কার্ল হেইঞ্জ রুমেনিগে দেখে থাকলে লজ্জা হয়তো পাবেন। খোঁচাটা যে সবচেয়ে বেশি তাঁরই গায়ে লাগার কথা। ম্যাচের আগে বায়ার্ন চেয়ারম্যান হুমকি দিয়েছিলেন—মিউনিখে আসলে রিয়ালকে নরক দেখিয়ে দেবে বায়ার্ন। আগুন জ্বালাবে।
আগুন জ্বলেছে ঠিকই। তবে সেটা জ্বালিয়েছে রিয়াল মাদ্রিদ, আর সেই আগুনে পুড়ে ছাই বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ফর্মে থাকা বায়ার্ন এর আগে হারের স্বাদ পায়নি এমন নয়। তবে অন্য কোনো প্রতিপক্ষ তাদের নিয়ে এমন ছেলেখেলা করেনি, বায়ার্নকে এত অসহায় লাগেনি অন্য কোনো ম্যাচে। স্প্যানিশ দৈনিক মার্কা তাই লিখেছে, ‘চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এটাই সবচেয়ে নির্মম ধোলাই।’ রিয়াল যেন স্টিমরোলার চালিয়েছে বায়ার্নের ওপর!
হারটা যে কত বড় ধাক্কা হয়ে এসেছে সেটি ম্যাচের পরই একটি জার্মান টিভি চ্যানেলের কাছে স্বীকার করেছেন রুমেনিগে, ‘ওরা আমাদের মুখে চপেটাঘাত করেছে। আজ রাতে আমাদের যে অভিজ্ঞতা হলো সেটা একটা বড় বিপর্যয়।’ স্বভাবতই এ বিপর্যয়ের দায় সবচেয়ে বেশি নিতে হচ্ছে পেপ গার্দিওলাকে। বায়ার্ন কোচ অবশ্য অজুহাত দেখাননি কোনো, ‘আমরা খুব বাজে খেলেছি এবং এর দায় আমার। ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে খেলছি আমরা, এখানে ন্যূনতম ভুলের জন্যও সঙ্গে সঙ্গে শাস্তি পেতে হয়।’
বায়ার্নের খেলার ধরন বদলে দেওয়ার জন্য বেশ কিছুদিন থেকেই অল্পবিস্তর সমালোচনা শুনতে হচ্ছিল গার্দিওলাকে। দুর্দান্ত গতির বায়ার্নকে তিনি টিকি-টাকা ঘরানার ফুটবল খেলাচ্ছেন। অথচ এই বায়ার্নই গত মৌসুমে অকার্যকর করে দিয়েছিল বার্সেলোনার টিকি-টাকা ফুটবল। পরশু সেই একই ধরনের ফুটবল খেলতে গিয়ে রিয়ালের কাছে বিশাল হারের পর স্বভাবতই প্রশ্ন উঠছে—এ ধরনের ফুটবল আসলেই বায়ার্নের সঙ্গে যায় কি না। গার্দিওলা অবশ্য শুনিয়েছেন তাঁর দর্শনে অটল থাকার কথাই, ‘আমার চিন্তাভাবনা নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে সেগুলো যৌক্তিক নয়। আমার মনে হয় আমাদের বল ধরে রেখে যত বেশি পারা যায় আক্রমণ করে খেলা উচিত। এই ভাবনাটা আমি বদলাতে পারব না।’
প্রতিপক্ষকে এভাবে তছনছ করে পাওয়া দুর্দান্ত জয়ের পর উচ্ছ্বসিত রিয়াল কোচ আনচেলত্তি। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পা মাটিতেই রেখেছেন রিয়ালের ইতালীয় কোচ, ‘এটা শুধুই একটা জয়, এর বেশি কিছু না। এমন একটা দলের বিপক্ষে জয় যারা গত মৌসুমে শিরোপা জিতেছিল।’ একই সঙ্গে কৌশলের খেলায় যাকে গুঁড়িয়ে দিয়ে এই জয়, সেই গার্দিওলার প্রতিও সমর্থন জানালেন আনচেলত্তি, ‘এখানেই গার্দিওলার ফুটবল দর্শনের শেষ নয়। আমি মনে করি বায়ার্ন তাদের খেলাটাই খেলবে, গার্দিওলাও তাঁর দর্শনে অটল থাকবে। কারণ এভাবেই সে অনেক অনেক ট্রফি জিতেছে।’ ওয়েবসাইট।