আগুনে ম্যাচে শুরু হচ্ছে মূল পর্ব
কাগজে-কলমে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গেছে সেই ১৬ মার্চ থেকেই। হ্যাঁ, হয়েছে। কিন্তু টি-টোয়েন্টির যে রোমাঞ্চ, বিশ্বকাপের যে উন্মাদনা-উত্তেজনা প্রথম পর্বে সেসব কোথায়?
নেহাত আইসিসির নিয়মের ফাঁদে পড়ে বাংলাদেশকেও এই ‘দুধভাত’ রাউন্ডটা পেরিয়ে আসতে হয়েছে। নইলে স্বাগতিক দেশের এই তিনটি ম্যাচ বাদ দিলে অন্য ম্যাচগুলো নিয়ে কজনেরই বা আগ্রহ ছিল! আসল লড়াই তো শুরু সুপার টেন থেকে। আসল টি-টোয়েন্টি বিশ্বকাপও।
আর সেই লড়াইটা শুরুর জন্য এর চেয়ে ভালো ম্যাচ আর কী হতে পারে! মিরপুরে ভারত-পাকিস্তান মহারণ! বিশ্বজুড়ে প্রায় দেড় শ কোটি মানুষের চোখ আটকে রাখা ক্রিকেটের শাশ্বত ‘ডার্বি’। সম্ভবত এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ‘ইউএসপি’ও।
পরের দিনের এই মহারণের আবহটা থাকল আগের দিন দুই অধিনায়কের সংবাদ সম্মেলন আর অনুশীলনেও। মিরপুরের মিডিয়া সেন্টারে দেশি-বিদেশি সাংবাদিক মিলে তিল ধারণের জায়গা নেই। সেটা শেষ করে কাছাকাছি সময়ে মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে নেমে গেল দুই দল। আজমলের ছুড়ে দেওয়া ক্যাচ অনেক দৌড়ে যেভাবে লুফলেন আফ্রিদি, কিংবা মাঠের মাঝে একটা স্টাম্প পুঁতে যেভাবে বল হাতে নিশানা করে গেলেন যুবরাজ সিং—তাতেই স্পষ্ট ওদের কাছে ম্যাচটার বাড়তি গুরুত্ব। যেন অনুশীলনেও কেউ কারও চেয়ে পিছিয়ে থাকতে রাজি নন!
কেউ পিছিয়ে নেইও আসলে। মহেন্দ্র সিং ধোনির ভারত ও মোহম্মদ হাফিজের পাকিস্তান লড়াইয়ে নামার আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলেছে? দুই দলই জিতেছে একটি করে ম্যাচ। প্রায় একই রকম মাঠের বাইরে দুই দলের ছবিটাও। আইপিএল কেলেঙ্কারিতে নাম উঠে আসার পর বিবাদে জড়িয়ে নিজ দেশের সংবাদমাধ্যমকে প্রায় ‘শত্রু’ বানিয়ে ফেলেছেন ধোনি। ওদিকে গুঞ্জন, কোচ মঈন খান আর ক্রিকেট পরামর্শক জহির আব্বাসের সঙ্গে দ্বন্দ্ব চলছে পাকিস্তান অধিনায়ক হাফিজের। এর প্রভাব কি ম্যাচে পড়তে পারে?
গতকাল সংবাদ সম্মেলনে এই শঙ্কাটা উড়িয়ে ধোনি যুক্তি দিলেন, ‘ভারতীয় দলের অংশ হওয়া মানেই চারপাশে অনেক কিছু হতে থাকে। বাইরের আলোচনা ভারতীয় ক্রিকেটের সব সময়ই চলে। এসব সামলেই মাঠের ক্রিকেটে মন দিতে হয়। আমাদের সব ক্রিকেটারই এসবে অভ্যস্ত।’ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বের খবর স্বীকার করতে নারাজ হাফিজও, ‘যা সিদ্ধান্ত হয় সেটা আমরা সবাই মিলেই নিই। ওটাই হয় দলের সিদ্ধান্ত।’ বোঝাই যাচ্ছে মূল লড়াইয়ে নামার আগে এসব বাড়তি চাপ কাঁধে নিতে রাজি নন কোনো অধিনায়ক। ঘুরেফিরে প্রশ্ন এল ধোনি-কোহলি আর আজমল-গুলকে নিয়ে। তাতে স্পষ্ট ভারত-পাকিস্তান ম্যাচের চিরন্তন ছবিটাও, ভারতের দুর্ধর্ষ ব্যাটিং বনাম পাকিস্তানের বৈচিত্র্যময় বোলিং।
একটা জায়গায় অবশ্য পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত। বিশ্বকাপে তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে কখনো হারেনি, সেটা ৫০ ওভারের ম্যাচই হোক আর ২০ ওভারের। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে তিনবার দেখা হয়েছে দুই দলের। ২০০৭ সালে গ্রুপ পর্বে ম্যাচ টাই হলেও বোল আউটে শেষ হাসি হাসে ভারত। তারপর ফাইনালে মিসবাহর ব্যাটে প্রায় অসাধ্য সাধনের স্বপ্ন দেখেও হেরে যায় ৫ রানে। ঐতিহাসিক এই দুঃখ ভোলার টনিক অবশ্য পাকিস্তানের হাতের নাগালেই। সদ্য সমাপ্ত এশিয়া কাপেই দিন বিশেক আগে তাঁরা ভারতকে হারিয়েছে আফ্রিদির ছক্কায়। সেটা ভারতের জন্য বেদনাদায়ক ছিল। রমিজ রাজা তো বলেই দিয়েছেন, এভাবে ম্যাচ হারলে মানসিক শক্তি গুঁড়িয়ে যায় একেবারে। এই ধাক্কা সামলাতে গিয়ে ভারত আরও কয়েকটি ম্যাচ হারবে পাকিস্তানের কাছে!
সে ম্যাচে ধোনি ছিলেন না। কিন্তু সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা আসতেই শঙ্কাটা উড়িয়ে দিলেন ভারত অধিনায়ক, ‘খেলাটা আমি বাড়িতে বসে টিভিতে দেখেছি। সত্যি বলতে, শেষ ছয়টি আমি ভেবেছিলাম ফিল্ডারের হাতে যাবে। কিন্তু দেখলাম ছক্কা হয়ে গেল। দারুণ রোমাঞ্চকর একটা ম্যাচ ছিল। তবে সেটা অন্য ম্যাচ। ওই ম্যাচের প্রভাব এখানে থাকবে না।’
কোনো সন্দেহ নেই ধোনিকে ভুল প্রমাণের জন্যই আজ মাঠে নামবেন হাফিজরা।