আগুনে লড়াই মিউনিখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম লেগে হার। দলও ঠিক ছন্দে নেই। বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলাকে চিন্তিত দেখানোই স্বাভাবিক। গতকাল সংবাদ সম্মেলনে  রয়টার্স
প্রথম লেগে হার। দলও ঠিক ছন্দে নেই। বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলাকে চিন্তিত দেখানোই স্বাভাবিক। গতকাল সংবাদ সম্মেলনে রয়টার্স

দায়িত্ব নেওয়ার আগেই জার্মান ভাষা শিখেছেন। এখন তো অনর্গল বলতেও পারেন। গত কিছুদিনে ‘আলব্ট্রম’ শব্দটি অনেকবারই শোনা গেছে পেপ গার্দিওলার কণ্ঠে। জার্মান ওই শব্দটির মানে ‘দুঃস্বপ্ন।’ ভাবছেন, গার্দিওলার আবার কিসের দুঃস্বপ্ন!
বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই ক্লাবকে বুন্দেসলিগা জিতিয়েছেন সাত ম্যাচ বাকি থাকতেই। জিতেছেন উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্ব কাপ। তার পরও গার্দিওলার কণ্ঠে ‘আলব্ট্রম’ নিয়মিত করে তুলেছে বায়ার্নের রক্ষণ ভাগ। সর্বশেষ নয় ম্যাচের সাতটিতেই আগে গোল হজম করতে হয়েছে বায়ার্নকে! আজ আগে হোক বা পরে, একটি গোল হজম করলেই শেষ হয়ে যেতে পারে বায়ার্নের চ্যাম্পিয়নস লিগ শিরোপা ধরে রাখার অভিযান। নিজেদের জালে এক গোল মানেই প্রতিপক্ষের জালে বল পাঠাতে হবে অন্তত তিনবার!
বায়ার্নের যেটি শঙ্কা, সেটিই রিয়াল মাদ্রিদের আশা। প্রথম লেগের ১৯ মিনিটে করিম বেনজেমার গোল আর রক্ষণভাগের অসাধারণ পারফরম্যান্স ফাইনালের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে রিয়ালকে। আলিয়াঞ্জ অ্যারেনায় আজ একটি গোলই এক যুগ পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পা রাখার জন্য যথেষ্ট হতে পারে। কার্লো আনচেলত্তির সেটি না জানা বা বোঝার কারণ নেই। আজ নিজেদের রণকৌশল নিয়েও কোনো রাখঢাক রাখেননি রিয়াল কোচ, ‘লক্ষ্য থাকবে গোল করা, গোল বাঁচানো নয়।’

গোল করার সেই মিশনে মূল দুই অস্ত্রকেই আজ পাচ্ছেন আনচেলত্তি। প্রথম লেগে ৭৪ মিনিট খেলার পর রোনালদোকে তুলে বেলকে নামিয়েছিলেন। তবে দুজনই ছিলেন নিজেদের ছায়া হয়ে। পুরো ফিট না থাকলে যা হয় আর কী! তবে সেই ম্যাচেও রিয়ালের জয় কাগজে-কলমের সম্ভাবনার পাশাপাশি মানসিকভাবেও এগিয়ে রাখছে রিয়ালকে। ওসাসুনার বিপক্ষে দুর্দান্ত দুই গোলে প্রস্তুতিটা সেরে নিয়েছেন রোনালদো। বেল প্রস্তুতি নিয়েছেন ওই ম্যাচ বেঞ্চে কাটিয়ে। অসুস্থতার ধকল পুরোপুরি কাটাতে বিশ্রামটাই প্রয়োজন ছিল ওয়েলশ উইঙ্গারের। আজকের ম্যাচের জন্য চনমনে রাখতে বিশ্রাম পেয়েছিলেন বেনজেমাও। এই তিনজন মিলে চ্যাম্পিয়নস লিগে এবার গোল করেছেন ২৪টি। আজ তিনজনের কাছ থেকে একটি গোলই যথেষ্ট প্রমাণিত হতে পারে রিয়ালের জন্য।

এই বাস্তবতার সঙ্গে গার্দিওলার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নিজেদের রক্ষণভাগ। গত শনিবার ভেরডার ব্রেমেনের বিপক্ষে ৫-২ গোলে জেতা ম্যাচেও শুরুতে গোল হজম করতে হয়েছে বায়ার্নকে, একসময় পিছিয়েও পড়তে হয়েছিল ২-১ গোলে। আজ গোল করতেও হবে, আবার গোল খাওয়াও চলবে না। গার্দিওলার কৌশলের তাই চূড়ান্ত একটি পরীক্ষা বলা যেতে পারে আজ। ওপরে ও নিচে—দুই জায়গাতেই আজ একাদশে পরিবর্তনও দেখা যেতে পারে। প্রথম লেগে রিয়াল ফরোয়ার্ডদের গতিতে অনেকবারই খেই হারিয়ে ফেলেছেন রাফিনহা। আজ তাই ডিফেন্সিভ মিডফিল্ড থেকে আবার রাইটব্যাকে ফেরানো হতে পারে অভিজ্ঞ ফিলিপ লামকে। মারিও গোটশে নামার পর প্রথম লেগে আক্রমণের ধার বেড়েছিল বায়ার্নের। আজ শুরু থেকেই দেখা যেতে পারে তরুণ অ্যাটাকিং মিডফিল্ডারকে।

গার্দিওলা ও বায়ার্নের কাজটি কঠিন। তবে মোটেও অসম্ভব কিছু নয়, যদি বায়ার্ন তাদের পরিচিত গতিময় ফুটবল খেলতে পারে। গ্যালারি ভরা দর্শকের সমর্থন তো আছেই। প্রেরণার জন্য আছে ইতিহাসও। মিউনিখে গিয়ে কখনোই জিততে পারেনি রিয়াল।

তবে প্রেরণার একটি ইতিহাস থাকবে রিয়ালের ডাগ-আউটেও। এসি মিলানের কোচ থাকার সময় ছয়-ছয়বারের চেষ্টাতেও আনচেলত্তিকে হারের স্বাদ দিতে পারেনি বায়ার্ন। সেই অপরাজেয় যাত্রা অব্যাহত আছে মাদ্রিদে এসেও। আনচেলত্তির সেই রেকর্ড আর একটি ম্যাচ টিকে থাকলেই স্বপ্নের লা ডেসিমার পথে শেষ ধাপে পৌঁছে যাবে রিয়াল। এএফপি, ওয়েবসাইট।