আগুয়েরো-জিয়ান্নিনা ছাড়াছাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ম্যাচে চোট পেয়ে ছিটকে গেছেন মাঠের বাইরে। তখনো অবশ্য জানা যায়নি, এর চেয়েও বড় চোট সার্জিও আগুয়েরোর মনে। ‘ম্যারাডোনার জামাই’ পরিচয়টা মুছে যাচ্ছে ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকার। ম্যারাডোনা-তনয়া জিয়ান্নিনার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে তাঁর। জিয়ান্নিনা তাঁদের তিন বছর বয়সী ছেলে বেঞ্জামিনকে নিয়ে আপাতত মাদ্রিদে থাকছেন বলে খবরে জানা গেছে। তবে শুধুই আলাদা থাকছেন নাকি আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, সেটি এখনো নিশ্চিত নয়। চার বছর আগে ম্যারাডোনার সূত্রেই দুজনের পরিচয়। সেখান থেকে প্রেম, ভালোবাসা। সেই ভালোবাসার পবিত্র সাক্ষী হিসেবে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে জন্ম বেঞ্জামিনের। ডিয়েগো ম্যারাডোনা প্রথমবারের মতো নানাও হয়েছেন। খুব স্বাভাবিকভাবেই এটি ছিল আর্জেন্টিনার সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি। বিশ্বজুড়ে সংবাদমাধ্যমেও প্রায়ই খবর হতেন জিয়ান্নিনা। সেই আগুয়েরো-জিয়ান্নিনার দুটি পথ দুদিকে বেঁকে যাওয়ার কারণটা কী? দুই ধরনের কথা শোনা যাচ্ছে। কেউ কেউ দোষ দিচ্ছেন জিয়ান্নিনাকেই। জিয়ান্নিনার পার্টি-জীবন নাকি পছন্দ নয় আগুয়েরোর। তবে আর্জেন্টিনা মিডিয়ার খবর, দেশটির সংগীততারকা কারিনা তাজেদার সঙ্গে প্রণয় চলছে আগুয়েরোর। বিচ্ছেদের আসল কারণ এটাই।ম্যারাডোনার ছোট মেয়ে, ২৩ বছর বয়সী জিয়ান্নিনা টুইটারে এই বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন, ‘আমরা আলাদা হয়ে গেছি। একটা কঠিন বছর অবশেষে শেষ হলো। অনেক কিছু বদলে গেছে এই সময়টাতে।’ ‘বদলে যাওয়া’ বলতে আগুয়েরোর হূদয়ের পরিবর্তন বুঝিয়েছেন কিনা, সেটি অবশ্য বোঝা যাচ্ছে না। কারণ তাঁর এক টুইটার অনুসারী এরপর আগুয়েরোর সমালোচনা করে পোস্ট করলে স্বামীর পাশেই দাঁড়িয়েছেন জিয়ান্নিনা। ওই অনুসারী লিখেছিলেন, ‘আগুয়েরো তোমার যোগ্য নয়। ও একটা গর্দভ, নির্বোধ।’ জিয়ান্নিনার জবাব, ‘এভাবে বলবেন না। ও আমার ছেলের বাবা। আর আপনি যা বলছেন, ও মোটেও সে রকম নয়। যখন একটা জুটির সম্পর্ক শেষ হয়ে যায়, তাতে দুজনেরই দোষ থাকে।’এ ব্যাপারে আগুয়েরোর কোনো বক্তব্য পাওয়া যায়নি। আগুয়েরো নিজেও নিয়মিত টুইটার ব্যবহার করেন। তবে ব্যাপারটাকে ‘একান্ত ব্যক্তিগত’ মনে করেন বলেই হয়তো এটি সবাইকে সাড়ম্বরে জানিয়ে দেওয়ার কোনো কারণ দেখেননি। ওয়েবসাইট।