আগুয়েরোকে কাপুরুষ বললেন ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুয়েরোর সঙ্গে জাতীয় দলের তখনকার কোচ ম্যারাডোনা। ফাইল ছবি
আগুয়েরোর সঙ্গে জাতীয় দলের তখনকার কোচ ম্যারাডোনা। ফাইল ছবি

তাঁকে একসময় বলা হতো ‘নতুন ম্যারাডোনা’। সেই সার্জিও আগুয়েরো একসময় ডিয়েগো ম্যারাডোনার পরিবারেরই একজন হয়ে গিয়েছিলেন। বিয়ে করেছিলেন ম্যারাডোনা-কন্যা জিয়ান্নিনাকে। প্রথমবারের মতো নানাও হয়েছিলেন ম্যারাডোনা। কিন্তু সেই সুসম্পর্ক আর নেই। জিয়ান্নিনার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে আগুয়েরোর। বিবাহ বিচ্ছেদের আইনি লড়াইয়ে গিয়ে সম্পর্কটা যেন চূড়ান্ত রকমের খারাপ হয়ে গেছে। ক্ষিপ্ত ম্যারাডোনা এবার আগুয়েরোকে কাপুরুষ বলেই আখ্যা দিয়েছেন।

গত জানুয়ারিতে ছাড়াছাড়ি হয়ে যায় আগুয়েরো ও জিয়ান্নিনার। তাঁদের চার বছর বয়সী একমাত্র সন্তান বেঞ্জামিন এখন মায়ের সঙ্গেই আছে। 

আইনজীবীদের সঙ্গে সর্বশেষ সাক্ষাতে আগুয়েরো এমন কিছু বলেছেন, সেটা পছন্দ হয়নি ম্যারাডোনার। আগুয়েরো ঠিক কী বলেছেন, সেটি জানা যায়নি। তবে ম্যারাডোনার কথা শুনে মনে হচ্ছে, ভালো কিছু নিশ্চয়ই বলেননি। না হলে ম্যারাডোনা এমন খেপবেন কেন!

মেট্রো রেডিওতে দেওয়া এক সাক্ষাত্কারে ম্যারাডোনা বলেছেন, ‘ও জিয়ান্নিনাকে বলেছে ও নাকি কাউকে ভয় পায় না। এরপর আইনজীবীদের সঙ্গে বৈঠকের সময় আমি আমার মেয়ের সঙ্গে থাকব। দেখব এর আগে ও আমার মেয়েকে যেসব কথা বলেছে, সেটা আবার বলার সাহস পায় কি না।’

মনের রাগটা কখনোই পুষে রাখতে না জানা ম্যারাডোনা বলেছেন, আগুয়েরো এমন সময় আইনজীবীদের সঙ্গে বৈঠকটা ঠিক করেছেন, ম্যারাডোনা যেন তাতে উপস্থিত থাকতে না পারেন, ‘আমি সত্যিই খুব ক্ষুব্ধ। ও একটা আস্ত কাপুরুষ। ও জানত, আমি দুবাইয়ে আছি। ঠিক ওই সময়েই ও আইনজীবীদের সঙ্গে বৈঠকটা করেছে।’