আগুয়েরোর মনে চেলসির ছবি
ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান, চেলসি—অনেক বড় ক্লাবই লাইন দিয়ে আছে তাঁকে পেতে। সার্জিও আগুয়েরো এত দিন বলে এসেছেন—‘অ্যাটলেটিকো মাদ্রিদে সুখেই আছি, কোথাও যাচ্ছি না।’ তবে মনে যে চেলসির ছবিটা তাঁর আঁকা ছিল, এই প্রথম সেটি প্রকাশ করলেন।চেলসির মালিক রোমান আব্রামোভিচ তো টাকার বস্তা নিয়ে অপেক্ষায় আছেন। আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো যখন সবুজ বাতি জ্বেলে দিয়েছেন, তিনিও বস্তাটা খুলে দেবেন নিশ্চিত। আগে একবার চেলসি জানিয়েছিল, আগুয়েরোর জন্য ৪০ মিলিয়ন পাউন্ড খরচ করতেও রাজি। তবে এটা আরও বাড়বে কি না, তা এখনো জানা যায়নি।অ্যাটলেটিকোর প্রতি আগুয়েরোর আনুগত্যের অভাব ছিল না। হঠাৎ করে স্প্যানিশ এই ক্লাবকে ছাড়তে মন চাইছে কেন তাঁর? শুনুন ম্যারাডোনার জামাইয়ের কণ্ঠেই, ‘চেলসি একটি গ্রেট ক্লাব। সাম্প্রতিক সময়ে ইউরোপের সমীহ জাগানো অন্যতম ক্লাব তারা। আমি মনে করি, দিদিয়ের দ্রগবা আর ফ্রাঙ্ক ল্যাম্পার্ড তাদের পজিশনে বিশ্বের অন্যতম সেরা দুই খেলোয়াড়। সন্দেহ নেই যে তাদের থেকে অনেক কিছুই শিখতে পারব আমি।’ম্যান সিটিতে তাঁর স্বদেশি-সতীর্থ কার্লোস তেভেজ আছেন। সেখানে যাওয়ার কথাও তো ভাবতে পারতেন আগুয়েরো। সেটা কেন ভাবলেন না? ‘আমি আসলে এমন একটা ক্লাবে যেতে চাই যারা শিরোপার চ্যালেঞ্জ জানাতে পারে’—বলেছেন তিনি। ওয়েবসাইট।