আগুয়েরোর শূন্যস্থানে ফ্যালকাও
৪৩ ম্যাচে ৩৯ গোল। এর মধ্যে এক ইউরোপা লিগেই গোল করেছেন ১৭টি! রাদামেল ফ্যালকাওয়ের ওপর ইউরোপের বড় ক্লাবগুলোর চোখ পড়াই স্বাভাবিক। পড়েও ছিল। রিয়াল মাদ্রিদ আগ্রহী ছিল, চেলসিও তাঁকে চেয়েছিল। কিন্তু প্রথমে পোর্তো থেকে যেতে চাননি এই কলম্বিয়ান। কিন্তু শেষ পর্যন্ত গেলেন কিনা সাধারণ মানের দল অ্যাটলেটিকো মাদ্রিদে। আসলে লোভনীয় প্রস্তাব পেয়ে পোর্তোই তাঁকে বেচে দিল অ্যাটলেটিকোর কাছে। ৪ কোটি ইউরোতে স্পেনের ক্লাবটিতে নাম লিখিয়েছেন ২৫ বছর বয়সী স্ট্রাইকার।মূলত সার্জিও আগুয়েরোর শূন্যস্থান পূরণ করতেই অ্যাটলেটিকোতে তাঁর আসা। কিন্তু রিয়াল মাদ্রিদের প্রতিবেশী ক্লাবটির আশা, ফ্যালকাও অর্জনে, কৃতিত্বে, সাফল্যে ছাপিয়ে যাবেন আগুয়েরোকেও। পাঁচ মৌসুমে অ্যাটলেটিকোর হয়ে ২৩৪ ম্যাচে ১০২ গোল করেছেন এই আর্জেন্টাইন, আগাগোড়াই ধরে রেখেছিলেন ফর্মের ধারাবাহিকতা। আগুয়েরোর জায়গাটি পূরণ করা কঠিন। কিন্তু পোর্তোর হয়ে দুই মৌসুমেই ৮৬ ম্যাচে ৭৩ গোল করা ফ্যালকাও বুঝিয়ে দিয়েছেন, আগুয়েরোকে ছাপিয়ে যাওয়া তাঁর পক্ষে খুবই সম্ভব।অ্যাটলেটিকোর সাবেক তারকা পাওলো ফুত্রে যেমন বলছেন, ‘ওকে সই করানোটা হয়েছে দুর্দান্ত। ও গ্রেট একজন খেলোয়াড়। আগুয়েরোর সমান প্রতিভা হয়তো ওর নেই, কিন্তু স্কোরার হিসেবে ও আগুয়েরোর চেয়েও ভালো। ও অনেকটা হুগো সানচেজ বা ইভান জামোরানোর মতো, যে বক্সে অপ্রতিরোধ্য। নয় নম্বর খেলোয়াড় হিসেবে একদম পরিপূর্ণ।’অবশ্য মাঠে নেমেই ফ্যালকাও তাঁর জাদু দেখাতে শুরু করবেন—এতটা আশা ফুত্রে করেন না। মানিয়ে নিতে তাঁর সময় লাগবেই। সমর্থকদের সেই সময়টা ফ্যালকাওকে দিতে বলেছেন ফুত্রে। ওদিকে আগুয়েরো কিন্তু একদমই সময় নেননি। বিড়াল তিনি প্রথম ম্যাচেই মেরে দিয়েছেন। বদলি হিসেবে নেমে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেকেই জোড়া গোল, আরেকটি গোল করিয়েছেনও।প্রথম ম্যাচেই এমন দুর্দান্ত পারফরম্যান্স স্বাভাবিকভাবেই ম্যারাডোনার জামাইয়ের ওপর প্রত্যাশার বাড়তি চাপ তৈরি করবে। তবে ম্যানচেস্টার সিটি কোচ রবার্তো মানচিনি বলছেন, ‘আগুয়েরোর বয়স হয়তো মাত্র ২৩, কিন্তু আর্জেন্টিনা জাতীয় দল আর স্পেনের ক্লাব ফুটবলের হয়ে শীর্ষ পর্যায়ের পেশাদার ফুটবলে ও এরই মধ্যে ছয় বছর কাটিয়ে দিয়েছে। তাই চাপ মানিয়ে নিতে ওর কোনো সমস্যা হবে না।’ ওয়েবসাইট।