আগুয়েরোয় আলোকিত আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই মৌসুমে একের পর এক গোল করেই যাচ্ছেন সার্জিও আগুয়েরো (ডানে)। ক্লাব ম্যানচেস্টার সিটির ফর্মটাকে টেনে আনলেন জাতীয় দলে। পরশু বসনিয়ার সঙ্গে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের দুটিই করেছেন এই স্ট্রাইকার   এএফপি
এই মৌসুমে একের পর এক গোল করেই যাচ্ছেন সার্জিও আগুয়েরো (ডানে)। ক্লাব ম্যানচেস্টার সিটির ফর্মটাকে টেনে আনলেন জাতীয় দলে। পরশু বসনিয়ার সঙ্গে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের দুটিই করেছেন এই স্ট্রাইকার এএফপি

দুই দল বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে আগেই। প্রীতি ম্যাচটা ছিল বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নেওয়ার একটা উপলক্ষ মাত্র। বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা সেই কাজটা ভালোমতোই করেছে। জোড়া গোল করেছেন সার্জিও আগুয়েরো। তবে জিততে পারেনি ইতালি, নাইজেরিয়ার সঙ্গে ড্র করেছে ২-২ গোলে।
মাঠে নেমে একটু ধন্দেই পড়ে গিয়েছিলেন আগুয়েরোরা। ভাবছিলেন, ‘ভুল করে আবার বসনিয়ায় এসে পড়লাম না তো!’ ৩০ হাজার দর্শকের সেন্ট লুইসের বুশ স্টেডিয়াম আসলেই ছেয়ে গিয়েছিল বসনিয়ার পতাকায়। জেকো, ইবিসেভিচদের পায়ে বল গেলে দর্শকেরা যেমন চেঁচিয়ে উৎসাহ দিচ্ছিল, তেমনি আগুয়েরো, প্যালাসিওরা বল ধরতেই ভেসে আসছিল দুয়ো। যুক্তরাষ্ট্রের এই এলাকাটা বসনিয়ান অভিবাসী অধ্যুষিত। পরশু বুশ স্টেডিয়ামের এক টুকরো বসনিয়া হয়ে ওঠার কারণ সেটাই।
তবে ‘অ্যাওয়ে’ ম্যাচটা জিততে সমস্যা হয়নি আকাশি-নীলদের। দারুণ ফর্মে থাকা আগুয়েরো একাই করলেন ২ গোল। ৪০ মিনিটে বক্সে অনেকটা অপ্রত্যাশিতভাবেই বল পেয়ে গিয়েছিলেন। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি। তবে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার নিজের জাত চিনিয়েছেন ৬৬ মিনিটে। বাঁ পায়ের দুর্দান্ত শটটা ঠেকানো অসাধ্য ছিল বসনিয়ার গোলরক্ষক বেজোভিচের।
জিতলেও মেসির অভাব নিশ্চয় টের পাচ্ছিলেন আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা। স্বীকার করলেন, ‘মেসি খেললে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়।’ বছরটা ভালোই কাটল সাবেলার দলের, ১২টি ম্যাচ খেলে হেরেছে মাত্র একটিতে। আর বসনিয়া কোচ সুসিচ সাফেত পরাজয় থেকেও খুঁজে নিচ্ছেন প্রাপ্তি, ‘ব্যবধানটা আরও বড় হতে পারত। আমি অতটা হতাশ নই। আমার খেলোয়াড়েরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করেছে।’
লন্ডনে ইতালি-নাইজেরিয়া ম্যাচ রোমাঞ্চ ছড়িয়েছে অনেক বেশি। স্কোরলাইন সেটা ঠিকঠাক বোঝাতে পারছে না, তবে চার গোলের ম্যাচে গোল হতে পারত আরও কয়েকটাই। শুরুটা করেছিল ইতালি, ১২ মিনিটে আজ্জুরিদের হয়ে গোল করেন জিউসসেপে রসি। সেই ২০১১ অক্টোবরের পর পরশুই প্রথম জাতীয় দলের জার্সি গায়ে চড়ালেন। প্রত্যাবর্তনটাকে স্মরণীয় করে রাখলেন রসি।
এর পরই অবশ্য নাইজেরিয়ার চার মিনিটের ঝড়ে বেসামাল ইতালি। ৩৫ মিনিটে ব্রাইট ডিকের গোলে সমতা ফেরায় সুপার ইগলরা। চার মিনিট পরে ব্যবধান বাড়ান শোলা অ্যামেওবি (২-১)। তবে বিরতির পর আবার খেলায় ফিরে আসে ইতালি। ৪৭ মিনিটে ইমানুয়েল জাকেরেনির গোলে ম্যাচে আসে সমতা (২-২)। শেষদিকে গোলপোস্ট ও নাইজেরিয়া গোলরক্ষক অস্টিন এদিজে বাধা না হয়ে দাঁড়ালে ইতালি হয়তো জয় নিয়েই মাঠ ছাড়তে পারত। এএফপি, ওয়েবসাইট।