আগে চুক্তি সই করতে হবে পাইবাসকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে চুক্তি সই, তারপর অন্য আলোচনা—রিচার্ড পাইবাসকে এমন নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের গতকালের সভায়। গত জুন থেকে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করলেও বছরে ৪৫ দিন ছুটির শর্তে আপত্তি জানিয়ে এখনো চুক্তিতে সই করেননি ইংলিশ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান কোচ।পাইবাস ইস্যুতে সভায় উত্তেজিত হয়ে পড়েছিলেন কমিটির সদস্যরা। একে তো চার মাসেও চুক্তি সই করেননি, তার ওপর ছুটিছাটা নিচ্ছেন নিজের ইচ্ছামতো। সর্বশেষ বোর্ডের নীতির বাইরে গিয়ে জাতীয় দল এবং ‘এ’ দলের অনুশীলন পরিকল্পনার দায়িত্ব দিতে চেয়েছেন একাডেমির কোচ রিচার্ড ম্যাকিন্সকে। বন্ধ করে দিতে বলেছেন সাকলায়েন মুশতাকের স্পিন ক্যাম্প। জাতীয় দলের কোচের এসব আচরণে যথেষ্ট বিরক্ত ক্রিকেট পরিচালনা বিভাগ। কাল সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসের বলা কথায়ও ধরা পড়ল সেটা, ‘আগে তো তাকে সিস্টেমের মধ্যে আসতে হবে! পাইবাসকে সবার আগে চুক্তিতে সই করতে হবে। ছুটি নিয়ে কোনো কথা থাকলে তা নিয়ে পরে আলোচনা হতে পারে। আমরা সিইওর মাধ্যমে যত দ্রুত সম্ভব তাকে চুক্তি সই করতে বলব।’ চুক্তি ছাড়া পাইবাস বিসিবি থেকে কীভাবে বেতন নিচ্ছেন, সেটাও একটা রহস্য। ‘এভাবে চলতে থাকলে ভবিষ্যতে তাকে বেতন দেওয়াই কঠিন হয়ে পড়বে’—শঙ্কা জালাল ইউনুসের।টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোচ কার কাছ থেকে ছুটি নিয়ে বাংলাদেশ ছেড়েছেন, কবে ফিরবেন—ক্রিকেট পরিচালনা বিভাগেরও অজনা সেসব। তবে কালকের সভায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী মাসের হোম সিরিজের জন্য যত দ্রুত সম্ভব জাতীয় দলের অনুশীলনসূচি দিতে বলার সিদ্ধান্ত হয়েছে পাইবাসকে। সিদ্ধান্ত হয়েছে সাকলায়েন মুশতাকের স্পিন ক্যাম্প বন্ধ না করারও। স্পিন পরামর্শক হিসেবে আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে সাকলায়েনের চুক্তি। চুক্তিটি শেষ হওয়ার কথা ছিল এ মাস শেষেই।ক্রিকেট পরিচালনা বিভাগকে পাইবাস সর্বশেষ যে পরিকল্পনা দিয়েছেন তাতে প্রধান কোচ হিসেবে তাঁর তেমন কোনো কাজই থাকে না। জাতীয় দল এবং ‘এ’ দলের অনুশীলন পরিকল্পনার দায়িত্ব দিতে চেয়েছেন একাডেমির কোচ ম্যাকিন্সকে। কালকের সভায় বাতিল করা হয়েছে সেটাও। ‘আমরা নীতিগতভাবে এটা মানতে পারি না। ম্যাকিন্সকে বোর্ড যেসব দায়িত্ব দিয়েছে তার মধ্যে এসব পড়ে না। পাইবাস বড়জোর ম্যাকিন্সের সাহায্য নিতে পারেন’—বলেছেন জালাল ইউনুস।শ্রীলঙ্কা থেকে ফেরার পর এক সপ্তাহ বিশ্রাম হয়ে গেছে। জাতীয় লিগ আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে বেশির ভাগ খেলোয়াড় যাঁর যাঁর মতো অনুশীলন শুরু করলেও পাইবাস নাকি চান তাঁরা আরও বিশ্রামে থাকুক! স্পিন ক্যাম্প বন্ধ করতে বলেছেন সে কারণেই। কোচের এমন দর্শনে বিস্মিত ক্রিকেটাররা। বিস্মিত তো হবেনই, গত জুনের জিম্বাবুয়ে সফরের অনুশীলন ক্যাম্পের শুরু থেকে পরবর্তী ১২৮ দিনের মধ্যে ৫০ দিনই যে নির্ভেজাল বিশ্রামে ছিলেন তাঁরা!বিসিবির সঙ্গে শিষ্যদের আস্থা অর্জনেরও চ্যালেঞ্জ এখন পাইবাসের সামনে। আগামী ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্যেই যদি সেটা অর্জন না করতে পারেন, বিসিবি নতুন মুখের সন্ধানে নেমে পড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না।