আগে ছেলের নিরাপত্তা চান জিমির মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাসেল মাহমুদ জিমি
রাসেল মাহমুদ জিমি

জাতীয় দলে খেলা না-খেলার ব্যাপারটা মায়ের ওপর ছেড়ে দিয়েছেন রাসেল মাহমুদ জিমি। এটা দুই দিন আগের খবর। সর্বশেষ খবর হলো, জিমির মা মেহের নিগারকে রাজি করাতে কাল রাতে তাঁদের লালবাগের বাসায় গিয়েছিলেন হকি ফেডারেশনের সহসভাপতি ও জাতীয় দলের ম্যানেজার আবদুর রশিদ। সঙ্গে নিয়ে যান জাতীয় দলের পাকিস্তানি কোচ নাভিদ আলমকে। তবে মিশন পুরোপুরি সফল হয়নি, আবার ব্যর্থও নয়। আগামী রবি-সোমবার নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
রাতে মুঠোফোনে জিমির মা প্রথম আলোকে বলেন, ‘রশিদ শিকদার এসে আমাকে বলেছে, “আপনার ছেলেকে কি খেলতে দেবেন না?” আমি বলেছি, খেলতে দেব না কেন? দেব। তবে ওকে কারা এসএমএস করে হুমকি দিয়েছে, সেটা আগে বের করেন। ওকে যদি নিরাপত্তা দিতে পারেন, নিশ্চয়ই সে জাতীয় দলে খেলবে। নইলে খেলবে না। নিরাপত্তা না থাকলে আমি আমার ছেলেকে জাতীয় দলে খেলতে দেব না, এটা আমার চূড়ান্ত কথা।’
জবাবে রশিদ শিকদার জিমির মায়ের কাছে আশাবাদ জানিয়ে আসেন যে, রবি-সোমবার নাগাদ রহস্য উদ্ঘাটিত হবে। তাঁর কথা, ‘সমস্যার সমাধান হয়ে যাবে। কারা জিমির মুঠোফোনে ওই এসএমএস পাঠিয়েছে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রবি-সোমবার নাগাদ বের করে ফেলবে। কাজেই জিমি জাতীয় দলে খেলবে, এই আশা আমরা করতেই পারি।’
মজার ব্যাপার, জিমিকে এর আগে যিনি মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েছেন (জিমিসহ সব খেলোয়াড়কে র‌্যাব দিয়ে তুলে নেওয়ার হুমকি ছিল) গতকাল তিনি আরেকটি খুদে বার্তা পাঠিয়েছেন ভিন্ন নম্বর থেকে।
এই খুদে বার্তায় জিমির কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে আগের বার্তাটির জন্য। খুদে বার্তাটির বাংলা করলে দাঁড়ায়, ‘আমি দুঃখিত, জিমি। তুমি যাতে হকির নোংরা রাজনীতিতে জড়িত না হও, তোমাকে যাতে কেউ ব্যবহার করতে না পারে, তোমার ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, সে জন্য তোমাকে এসএমএস পাঠিয়েছিলাম। তোমাকে ভয় দেখানোর জন্য নয়। কারণ, আমি তোমার খেলার একজন ভক্ত। আবারও দুঃখ প্রকাশ করছি, যদি কষ্ট পেয়ে থাকো। আমাকে মাফ করে দিয়ো।’
পুরো ব্যাপারটিই রহস্যময়। এই রহস্য উদ্ঘাটিত হওয়ার অপেক্ষায় এখন সবাই।